যুক্তরাষ্ট্র যদি যুদ্ধ করতে চায় তাহলে যুদ্ধের জন্য প্রস্তুত ইরান। সাক্ষাৎকারে এমনই হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
সোমবার (১২ জানুয়ারি) আলজাজিরা আরবিকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে আব্বাস আরাগচি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পথ খোলা রয়েছে। কিন্তু তারা যেকোনো কিছুর জন্য প্রস্তুত।
তিনি বলেন, গত বছরের জুনে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের সময় ইরানের যে সামরিক প্রস্তুতি ছিল, বর্তমানে সেই প্রস্তুতি আরও বিশাল ও বিস্তৃত।
যুক্তরাষ্ট্র ইরানের সামরিক সক্ষমতা পরীক্ষা করতে চাইলে তারা প্রস্তুত জানিয়ে আরাগচি বলেন, যদি ওয়াশিংটন আমাদের সামরিক শক্তি পরীক্ষা করতে চায়, আমরা প্রস্তুত। আমি আশা করি যুক্তরাষ্ট্র বুদ্ধিমানের মতো আলোচনাকে বেছে নেবে। ইসরায়েলের স্বার্থ রক্ষায় যারা যুক্তরাষ্ট্রকে যুদ্ধে টেনে আনছে তাদের সতর্ক করেন তিনি।
চলমান আন্দোলন নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলনে সশস্ত্র সন্ত্রাসীরা ঢুকে পড়েছে। যারা বিক্ষোভকারী ও নিরাপত্তাবাহিনীর সদস্যদের ওপর হামলা চালিয়েছে।
আলোকিত চট্টগ্রাম
