মিরসরাইয়ে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলেন শিশু, নারী, বৃদ্ধসহ বিভিন্ন বয়সী সহস্রাধিক মানুষ।
শনিবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার মিঠানালা ইউনিয়নের রহমতাবাদ আবুল বশর মেম্বার বাড়ি কমিউনিটি ক্লিনিকে এ আয়োজন করা হয়। দিনব্যাপী এ আয়োজন করে আবুল বশর মেম্বার স্মৃতি সংসদ ও পাঠাগার। সহযোগিতা করে ডক্টরস সোসাইটি অব মিরসরাই।
এতে চিকিৎসা নিতে আসা অনেকেই এমন উদ্যোগের প্রশংসার পাশাপাশি দোয়া কামনা করেন।
কামাল উদ্দিন নামে একজন বলেন, দীর্ঘদিন ধরে বুকের বাম পাশে ব্যথা। গ্রামে ডাক্তার আসার খবরে দেখাতে এলাম। এখানে ডাক্তার দেখানোর পাশাপাশি এক সপ্তাহের ফ্রি ওষুধও দেওয়া হয়েছে। আয়োজকদের জন্য দোয়া রইল।
আরও পড়ুন : মিরসরাইয়ে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলায় ফ্রি ব্লাড গ্রুপিং—ডায়াবেটিস পরীক্ষা
শারমিন আক্তার নামে আরেকজন বলেন, বন্যায় বাড়িতে পানি উঠার পাশাপাশি পুকুরও ডুবে যায়। পানি নেমে যাওয়ার পর বাড়ির সবার শরীরে চুলকানি দেখা দেয়। সেই রোগের চিকিৎসা নিতে এলাম। মহতি এমন উদ্যোগ নেওয়ার জন্য আবুল বশর মেম্বার স্মৃতি সংসদকে ধন্যবাদ জানাই।
আবুল বশর মেম্বার স্মৃতি সংসদ ও পাঠাগারের পরিচালক শরফু উদ্দীন বলেন, ২০০০ সাল থেকে বিভিন্ন সামাজিক কাজ করে আসছে এই সংগঠন। এরই ধারাবাহিতায় বন্যাপরবর্তী প্রত্যন্ত এলাকার মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। আজ সকাল থেকে বিকেল পর্যন্ত ৮ জন চিকিৎসক শিশু, নারী, বৃদ্ধসহ বিভিন্ন বয়সী প্রায় এক হাজার মানুষকে চিকিৎসা দেন।
এসময় উপস্থিত ছিলেন আবুল বশর মেম্বার স্মৃতি সংসদ ও পাঠাগারের প্রতিষ্ঠাতা অধ্যাপক মোসলেহ উদ্দীন আল ফারুকী, বাংলাদেশ ব্যাংকের পরিচালক আবু সালেহ মো. সাহাব উদ্দীন, যুগ্ম পরিচালক জোবাইদুল ইসলাম, ব্যাংক কর্মকর্তা শরফু উদ্দীন, মো. ছাইফুদ্দীন, মো. নাজিম উদ্দিন, আরাফাত হোসাইন, ইফতেখার হাসনাইন, মো. হানিফ, এমরান হোসেন, সাকিব হাসান, শেখ ফরিদ, সৌরাভ হোসেন, রুবেল, রনি ও আরাফাত।
এএ/আরবি


