মিরসরাইয়ে স্বামী—সন্তানদের খুনের হুমকি দিয়ে ধর্ষণ, যুবদলের জাবেদ গ্রেপ্তার

মিরসরাইয়ে স্বামী—সন্তানদের হত্যার হুমকি দিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবদলের মো. জাবেদ হোসেনকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মাইজগাঁও গ্রামের পলাশ মেম্বার বাড়ির ফিরোজ আহম্মদের ছেলে।

রোববার (২৩ নভেম্বর) রাতে মিরসরাই থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান মজুমদার।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, মামলার বাদি উপজেলার কমলদহ বাজারের দক্ষিণ পাশে একটি ঘরে স্বামী—সন্তানসহ বসবাস করে আসছেন। গত ৮ মাস ধরে স্বামী ও সন্তানদের হত্যার হুমকি দিয়ে ওই গৃহবধূকে ধর্ষণ করেন যুবদল নেতা জাবেদ। কয়েকদিন আগে ওই নারী ঘরে না থাকার সুযোগে তার ১৩ বছর বয়সের মেয়েকে ধর্ষণের চেষ্টা করেন তিনি। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার মিরসরাই থানায় লিখিত অভিযোগ দেয়।

এই বিষয়ে ওয়াহেদপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রহিম উদ্দিন বলেন, গ্রেপ্তার জাবেদ হোসেন যুবদলের কোনো পদে নেই, তবে যুবদলের রাজনীতির সাথে সম্পৃক্ত।

যোগাযোগ করা হলে মিরসরাই থানার ওসি আতিকুর রহমান মজুমদার আলোকিত চট্টগ্রামকে বলেন, পুলিশের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে মো. জাবেদ হোসেনকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে মিরসরাই থানায় ধর্ষণ মামলা রয়েছে। আইনানুগ ব্যবস্থা শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm