মিরসরাইয়ে যাত্রীবাহী বাসে কাভার্ডভ্যানের ধাক্কায় মো. সালাউদ্দিন (৩৬) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৫ যাত্রী।
শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার বড়তাকিয়া মাজার গেইট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী অংশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সালাউদ্দিন ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার ২ নম্বর দাঁতমারা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাদরাসা হাসনাবাদ এলাকার আবিদ উল্লাহর ছেলে। তবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।
আরও পড়ুন : বাঁশখালীতে বজ্রপাত—কাথরিয়ায় স্কুলছাত্র লাশ, ঘরে ফিরলেন আহত বধূ
এদিকে খবর পেয়ে দুর্ঘটনাকবলিত বাস ও কাভার্ডভ্যানটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শী সূত্র জানা গেছে, আজ সকালে ঢাকা থেকে বাঁধন পরিবহনের যাত্রীবাহী বাস চট্টগ্রাম যাচ্ছিল। বড়তাকিয়া এলাকায় পৌঁছলে একটি কাভার্ডভ্যান বাসের পেছনে ধাক্কা দেয়। এসময় সালাউদ্দিন ওই বাসের যাত্রী ছিলেন। তিনি ফেনী জেলার সোনাগাজী থেকে গাড়িতে উঠেন।
যোগাযোগ করা হলে জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সোহেল সরকার বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এএ/আরবি


