মিরসরাইয়ে প্লাস্টিকের গোডাউনে আগুন, চোখের পলকে পুড়ল ৫০ লাখ টাকার মালামাল

মিরসরাইয়ে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে প্লাস্টিকের গোডাউন। এতে প্লাস্টিকের ব্যাগ ও মালামাল পুড়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) বেলা ১২টায় জোরারগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান রোডের মধ্যম সোনাপাহাড় এলাকার মো. সেলিম উদ্দিনের প্লাস্টিকের গোড়াউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বারইয়ারহাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার মো. সেলিম উদ্দিনের প্লাস্টিকের গোডাউনটি বন্ধ ছিল। বেলা ১২টায় স্থানীয়রা ভেতর থেকে আগুনের ধোঁয়া দেখতে পান। স্থানীয় বিএসআরএম ফ্যাক্টরি থেকে বিভিন্ন প্লাস্টিকের ব্যাগ এনে এই গোডাউনে পরিষ্কার করে রাখা হতো।

সমাজকর্মী আরিফুল ইসলাম ইমন বলেন, দূর থেকে আগুনের ধোঁয়া দেখতে পেয়ে ছুটে যাই। দ্রুত বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে ৯৯৯-এ ফোন করি। কয়েক মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে গেছে।

গোডাউনের মালিক সেলিম উদ্দিন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে দেখি গোডাউনের ভেতরে আগুন জ্বলছে। তালা ভেঙে ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নেভানো হয়। এতে আমার প্রায় ৫০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। আমি দীর্ঘদিন ধরে প্লাস্টিক ব্যবসার সঙ্গে জড়িত। ব্যাংক এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে এ ব্যবসা চালাচ্ছি। আমি এখন কীভাবে ব্যাংকের ঋণ পরিশোধ করবো বুঝছি না।

যোগাযোগ করা হলে বারইয়ারহাট ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশনের স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস আলোকিত চট্টগ্রামকে বলেন, খবর পেয়ে আমাদের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

এএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm