মাজার ভাঙা রাসুলের শিক্ষা নয় : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আজ আমরা নিজেরা দ্বিধাবিভক্ত। আমরা কারো মাজার ভাঙছি, লাশ পুড়িয়ে দিচ্ছি। এটা তো রাসুলের শিক্ষা নয়।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানী ঢাকার নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, আজ আমরা গণতন্ত্রের চেতনাই বলি, আমরা রাষ্ট্রীয় চেতনাই বলি, পৃথিবীর কাছে নিদর্শন দিয়ে গেছেন আরবের সেই মহামানব। আমরা সেখান থেকে শিক্ষা না নিয়ে কথাবার্তা দিয়ে শুধু বিভাজন করছি। অথচ আমাদের মহানবী ছিলেন ঐক্যের প্রতীক।

তিনি বলেন, আজ যে মহামানবকে নিয়ে এখানে আলোচনার আয়োজন তার সম্পর্কে আমার মতো একজন ক্ষুদ্র মানুষের বিস্তারিত বলা খুবই কঠিন ব্যাপার। তার ব্যক্তিগত চারিত্রিক বৈশিষ্ট্য যদি আমরা সামান্যতম অনুকরণ করতাম বা লালন করতাম তাহলে এই দেশ থেকে অন্যায়-অনাচার, কুপ্রবৃত্তি, পাপাচার, হানাহানি, রক্তারক্তি সব বন্ধ হয়ে যেত।

রিজভী বলেন, যিনি আমাদের মডেল, যিনি আমাদের আদর্শের প্রতীক, তাকে আমরা কেউ অনুসরণ করি না। এটাই হলো মুসলিম সমাজের সবচেয়ে বড় ব্যর্থতা।

মিলাদ মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, অ্যাড. আব্দুস সালাম আজাদ ও কেন্দ্রীয় নেতা মীর শরাফত আলী শফু। এতে মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের আহ্বায়ক মাওলানা সেলিম রেজা।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm