মধ্যরাতে রক্তাক্ত ৬০ শিক্ষার্থী—কী হয়েছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে

মধ্যরাতে হঠাৎ রক্তাক্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সংঘর্ষে অন্তত ৬০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। শনিবার (৩০ আগস্ট) রাতের এ সংঘর্ষের পর সব বিভাগের পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে ক্লাস চলবে। নিয়মিত সূচিতে চলবে শাটল ট্রেনও।

শনিবার রাত সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে মারধরের কারণেই এমন পরিস্থিতি, বলছেন প্রত্যক্ষদর্শীরা। রাত সাড়ে তিনটার দিকে সেনা সদস্যরা ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটের কাছে একটি ভবনে ভাড়া থাকেন ওই ছাত্রী। শনিবার রাত ১২টার দিকে তিনি ওই ভবনে প্রবেশের চেষ্টা করলে দারোয়ানের সঙ্গে তর্ক হয়। একপর্যায়ে দারোয়ান তাঁকে মারধর করেন।

এ ঘটনায় ২ নম্বর গেটে থাকা শিক্ষার্থীরা দারোয়ানকে জিজ্ঞাসাবাদ করতে গেলে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে শিক্ষার্থীরা তাঁকে ধাওয়া করে। এ সময় স্থানীয় লোকজন শিক্ষার্থীদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। তখন সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এরপর স্থানীয় লোকজন মাইকে ঘোষণা দিয়ে লোক জড়ো করে শিক্ষার্থীদের ওপর হামলা করে।

এদিকে মারধরে অন্তত ৬০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। তাঁরা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা নিয়েছেন। তবে অন্তত ২১ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান চিকিৎসা কর্মকর্তা মো. আবু তৈয়ব জানান, আহতদের মধ্যে দুজনের শরীরে ধারালো অস্ত্র দিয়ে জখম করার চিহ্ন রয়েছে। অন্যদের লাঠি, কাঠ, ইট ইত্যাদি দিয়ে জখম করা হয়েছে। একসঙ্গে এত আহত শিক্ষার্থী তিনি আগে দেখেননি বলে জানান।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তানভীর মো. আরিফ বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহউপাচার্য ও সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে ইতিমধ্যেই বৈঠক হয়েছে। শিক্ষার্থীদের ওপর হামলায় দায়ীদের বিচারের আওতায় আনা হবে।

অপরদিকে বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন বলেন, এতগুলো শিক্ষার্থী আহত হয়েছে, এ বিষয়ে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে ইতিমধ্যেই স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছি।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm