ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে যাচ্ছে রোহিঙ্গারা। আর এতে সহায়তা করছে শক্তিশালী দালাল চক্র। ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পা থেকে পালিয়ে আসা ৩১ জন রোহিঙ্গা নারী-পুরুষ এবার ধরা পড়েছে আনোয়ারায়।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে আনোয়ারা উপজেলার পারকি সমুদ্রসৈকতের টানেল সার্ভিস এরিয়া এলাকা থেকে তাদের আটক করে সেনাবাহিনী।
আটকদের মধ্যে ১৪ জন প্রাপ্তবয়স্ক। তারা হলেন— মো. আমিন (৩৩), ইমাম হোসেন (৩১), রুহুল আমিন (২৮), মোবারক হোসেন (১৮), মো. করিম (৩০), মো. হোসেন (২৫), হুজাইফা (২৬), আনোয়ারা (২৭), উম্মে সালমা (২৪), হাসিনা (৩০), রেহেনা (১৩), রশিদা (৩৩), সুমাইয়া (১৮) ও শহিদা (২৩)।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুর দেড়টার দিকে আনোয়ারা আর্মি ক্যাম্পের পেট্রোল টিম কর্ণফুলী টানেল সার্ভিস এরিয়া সংলগ্ন দুধকুমরা এলাকায় ৩১ জন রোহিঙ্গাকে আটক করে। তারা সবাই ২ দিন আগে একজন দালালের সহায়তায় ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসেছে। তাদের উদ্দেশ্য ছিল বিভিন্ন দলে বিভক্ত হয়ে চট্টগ্রাম ও ঢাকা শহরে গিয়ে বাংলাদেশি নাগরিকদের মাঝে মিশে যাওয়া। ওই দালাল ৭টি পরিবার থেকে সাড়ে ৬১হাজার টাকা নিয়ে নৌকা করে তাদের পাঠায়।
এদিকে স্থানীয়রা জানান, কিছুদিন পরপর ভাসানচর থেকে পালিয়ে রোহিঙ্গারা আনোয়ারার পারকি সমুদ্রসৈকতের বিভিন্ন পয়েন্ট দিয়ে আসে। এর মধ্যে কয়েকটি গ্রুপকে স্থানীয়রা আটক করে প্রশাসনকে তুলে দিলেও রোহিঙ্গাদের অনেক গ্রুপ বিভিন্ন জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে যায়।
আলোকিত চট্টগ্রাম


