‘ভাড়াটিয়া’ মুক্তিযোদ্ধাকে স্বাধীনতার ঘোষকও বানানো হচ্ছে : সালাহউদ্দিন

জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যের কড়া প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও  কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ৷ তিনি বলেন, বাংলাদেশে আজকে নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস বলা শুরু হয়েছে। একটি দল বাংলাদেশ জামায়াতে ইসলামী যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা এখন মুক্তিযুদ্ধের ইতিহাস বর্ণনা শুরু করেছেন। জামায়াতের আমির বলেছেন, এদেশের স্বাধীনতার ঘোষণা নাকি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেননি, তৎকালীন মেজর জিয়া দেননি! কর্ণেল অলি সাহেব নাকি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এরা যেভাবে প্রলাপ বকা শুরু করেছে এটা অস্বাভাবিক না। যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করবে, এটা স্বাভাবিক বিষয়।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে কক্সবাজারের চকরিয়া মাতামুহুরী সাংগঠনিক উপজেলার পথসভায় তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের মানুষ জানে, আজকে তারা নবরুপে মুক্তিযুদ্ধের দল হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। সেটা একটা প্রতারণা, ধোকাবাজি। এখন তারা বলছে, তাদেরও নাকি একজন মুত্তিযোদ্ধা আছেন। একজন মুক্তিযোদ্ধাকে তাদের জোটে যোগদান করিয়েছে, অন্য কথায় বলতে গেলে ভাড়াটিয়া। ওই মুক্তিযোদ্ধাকে তারা স্বাধীনতার ঘোষকও বানাচ্ছে। আগামীতে কোনোদিন হয়ত শুনতে হবে, জামায়াতে ইসলাম এদেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল। এদেশের মুক্তিযোদ্ধারা কোনোদিন সেটা মেনে নেবে না, তারা প্রতিবাদ জানাবে, তা আমরা বিশ্বাস করি।

তিনি আরও বলেন, এদেশের সকল জনগণ, দেশপ্রেমিক, যারা স্বাধীনতার পক্ষের শক্তি তারা প্রতিবাদ জানাবে আমরা জানি। একজন রাজনৈতিক দলের কর্মী হিসেবে দায়িত্ব, যারা স্বাধীনতার ইতিহাস নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করতে চাই, মিথ্যা তথ্য দিতে চাই, স্বাধীনতার ইতিহাসকে যারা বিকৃত করতে চাই তাদেরকে ধিক্কার জানানো।

তিনি এ সময় দলের পক্ষ থেকে খুব শালীন ভাষায় নিন্দা ও প্রতিবাদ  জানানোর কথাও বলেন।

এ সময় তাঁর সঙ্গে মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপি সভাপতি জামিল ইব্রাহিম, সাধারণ সম্পাদক হেফাজুতুর রহমান টিপু, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজসহ বিএনপির সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ছিলেন।

এমকেডি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm