ভাইকে বাঁচাতে গিয়েই কি ধরা পড়লেন নবী চেয়ারম্যান?

কক্সবাজারের চকরিয়ার সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নবী হোসাইন চৌধুরী গ্রেপ্তার হয়েছেন। তবে তাঁর গ্রেপ্তার হওয়ার বিষয়টি বেশ নাটকীয়।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের নয়াপাড়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

নবী হোসাইন চৌধুরী সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং চকরিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ছিলেন।

স্থানীয়রা জানান, নবী হোসাইনের ছোট ভাই বাদল উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের নয়াপাড়া এলাকায় বসবাস করেন। মঙ্গলবার রাতে কয়েকজন সন্ত্রাসী বাদলের ওপর হামলা করে। এ সময় বাদলের হাতের একটি আঙুল কেটে ফেলে সন্ত্রাসীরা।

খবর পেয়ে ছোট ভাই বাদলকে উদ্ধার করতে ঘটনাস্থলে যায় বড় ভাই নবী হোসাইন। এ সময় সন্ত্রাসীরা তাকে আটকে রেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত বাদলকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরবর্তীতে বাদলের অবস্থা অবনতি হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। এছাড়া নবী হোসাইনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ।

যোগাযোগ করা হলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, সাহারবিল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নবী হোসাইন পরিস্থিতি খারাপ করতে তার লালিত সন্ত্রাসী বাহিনী নিয়ে ঘটনাস্থলে গিয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে তাকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, নবী হোসাইনের বিরুদ্ধে হত্যা, চুরি, ডাকাতিসহ কয়েকটি মামলা রয়েছে। সে চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমকেডি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm