দেশে ‘ভয়’ বাড়াচ্ছে করোনা। ভয় বাড়ার কারণ— প্রতিবেশী দেশ ভারতের বিভিন্ন স্থানে করোনার সংক্রমণ। দেশেও আবার হঠাৎ বাড়ছে করোনা।
এদিকে গত ৫ জুন করোনায় একজনের মৃত্যুহয়েছে। এ অবস্থায় ঈদের ছুটি শেষে ট্রেনের ফিরতি যাত্রায় যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং মাস্ক পরার অনুরোধ জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় চারজনের করোনা ভাইরাস পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। একইসময়ে ছয়জন করোনা রোগী সুস্থ হয়েছে।
দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৫১ হাজার ৭৪২ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ৩৬৩ জন। মারা গেছেন ২৯ হাজার ৫০০ জন।
রেলপথ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি করোনা সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনা করে জনসমাগমপূর্ণ এলাকায় সবাইকে মাস্ক পরার জন্য অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বিশেষত বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ধরনের স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
এর পরিপ্রেক্ষিতে ঈদপরবর্তী ট্রেন যাত্রায় সব যাত্রীকে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য এবং মাস্ক পরার জন্য রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সবাইকে অনুরোধ জানানো হলো।
এদিকে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে নতুন করে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সতর্ক অবস্থান নিয়েছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। করোনা প্রতিরোধে স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন ও স্বাস্থ্য ডেস্কে বাড়ানো হয়েছে নজরদারি ও স্বাস্থ্য সুরক্ষাব্যবস্থা।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মো. ইব্রাহীম খলিল জানান, প্রতিবেশী দেশ ভারতসহ বিভিন্ন দেশে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। এ কারণে বাংলাদেশে এই সংক্রমণ এড়াতে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বেশকিছু ব্যবস্থা নিয়েছে। এ কারণে আন্তর্জাতিক আগমনী হলে ইমিগ্রেশনের প্রবেশস্থলে হেলথ স্ক্রিনিং ইকুইপমেন্ট বসানো হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর মেডিকেল টিম থার্মাল স্ক্যানারের মাধ্যমে নন-টাচ পদ্ধতিতে আসা যাত্রীদের তাপমাত্রা নির্ণয়ের ব্যবস্থা নিয়েছে। বিমানবন্দরে টার্মিনালের স্পর্শকাতর পয়েন্টগুলোতে সবার জন্য মাস্ক ব্যবহারের জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। বিমানবন্দরের স্বাস্থ্যকর্মীদের জন্য জরুরি ভিত্তিতে পর্যাপ্ত মাস্ক ও গ্লাভস মজুতের ব্যবস্থা নেওয়া হয়েছে।
আলোকিত চট্টগ্রাম

