‘ভয়ংকর’ জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে র‍্যাব কর্মকর্তা খুন

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অস্ত্র উদ্ধার করতে গিয়ে হামলার শিকার হয়েছে র‌্যাব। দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন র‍্যাব–৭ এর উপসহকারী পরিচালক (ডিএডি) আব্দুল মোতালেব। এ ঘটনায় রক্তাক্ত হয়েছেন আরও কয়েকজন।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

এদিকে রাত সাড়ে আটটার দিকে গণমাধ্যমে পাঠানো র‌্যাব-৭ এর বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান পরিচালনার সময় সন্ত্রাসীদের হামলার শিকার হন র‌্যাব সদস্যরা। এতে চারজন গুরুতর আহত হন। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় এক র‌্যাব সদস্য নিহত হন। বাকি তিনজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, র‌্যাব সদস্যরা জঙ্গল সলিমপুরে অস্ত্র উদ্ধার করতে অভিযানে গেলে তাদের ওপর অতর্কিত হামলা চালায় সেখানে থাকা সন্ত্রাসীরা। এরপর তারা র‌্যাবের কয়েকজন সদস্যকে ছিনিয়ে নেয়, প্রকাশ্যে চালায় গুলি।

নগরের বায়েজিদ লিংক রোডের উত্তর পাশে ৩ হাজার ১০০ একর জায়গায় জঙ্গল সলিমপুরের অবস্থান। এর পূর্ব দিকে হাটহাজারী উপজেলা, দক্ষিণে বায়েজিদ থানা। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় এটি হয়ে এখন সন্ত্রাসীদের অভয়ারাণ্য। গত বছরের ৫ আগস্ট দেশের রাজনীতির পটপরিবর্তনের পর এলাকাটির নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, খুনোখুনির ঘটনা ঘটে চলছে। এমনকি সেখানে প্রতিবেদন তৈরি করতে গিয়ে সন্ত্রাসীদের হামলা ও মারধরের শিকার হন দুই সাংবাদিকও।

ওই এলাকার বাসিন্দাদের প্রবেশের জন্য রয়েছে পরিচয়পত্র। বাইরের কেউ সেখানে ঢুকতে পারেন না। এমনকি পুলিশ, জেলা প্রশাসনের লোকজনও সেখানে প্রবেশ করতে গিয়ে একাধিকবার হামলার শিকার হয়েছেন।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm