লোহাগাড়ায় বিষধর সাপের ছোবলে এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়েছে।
১ আগস্ট (শুক্রবার) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পুটিবিলা ইউনিয়নের সরাইয়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. পেয়ার মিয়া।
মারা যাওয়া মো. তাওসিফ (১৬) পুটিবিলা ইউনিয়নের দক্ষিণ সরাইয়া রামবিলা এলাকার মো. ইব্রাহিমের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, তাওসিফ বুদ্ধি প্রতিবন্ধী ছিলেন। আজ সন্ধ্যা ৭টার দিকে বাড়ির উঠানে বিষধর সাপ তাকে ছোবল মারে। পরিবারের লোকজন দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে সে মারা যায়।
যোগাযোগ করা হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সাজ্জাদ আমিন বলেন, উপজেলার পুটিবিলা সরাইয়া এলাকার এক কিশোরকে বিষধর সাপ কাটে। পরিবারের লোকজন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা রোগীদের উন্নত চিকিৎসাসেবা মিলছে দাবি করে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইকবাল আলোকিত চট্টগ্রামকে বলেন, এখন সাপের প্রজনন মৌসুম, এলাকায় বিষধর সাপের ছড়াছড়ি। আগের দিনের লোকজন সাপে কাটলে বৈদ্য- ওঝার কাছে ঝাড়ফুঁক বা চিকিৎসা নিতো। এমন অজ্ঞতার কারণে অনেক মানুষের জীবন প্রদীপ নিভে যেত। সাপে কাটলে বৈদ্য-ওঝার কাছে নয়, যথাসময়ে সরকারি হাসপাতালে নিয়ে গিয়ে এন্টি ভেনম প্রয়োগ করলে প্রাণরক্ষা হয়।
এসএস/আলোকিত চট্টগ্রাম


