বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আসলাম চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। একইসঙ্গে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তাঁর স্ত্রী নাজনীন মাওলা চৌধুরীর বিরুদ্ধেও। ২৬০ কোটি টাকা ঋণখেলাপির দায়ে আসলাম চৌধুরী ও নাজনীন মাওলা চৌধুরীর বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন চট্টগ্রামের অর্থঋণ আদালত।
সোমবার (১৮ আগস্ট) বিচারক মো. হেলাল উদ্দীনের আদালত এ আদেশ দেন। বিষয়টি আজ (১৯ আগস্ট) নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী মো. এরশাদ।
মামলার নথি অনুযায়ী, নগরের পাহাড়তলী শাখা থেকে নেওয়া ঋণ নিয়মমাফিক পরিশোধ না করায় স্ট্যান্ডার্ড ব্যাংক মামলাটি দায়ের করে। ঋণের বিপরীতে বন্ধক রাখা সম্পদ নিলামে তুললেও কোনো ক্রেতা আগ্রহ না দেখানোয় আদালতের দ্বারস্থ হয় ব্যাংক। ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আসলাম দম্পতির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
আসলাম চৌধুরী প্রথম আলোচনায় আসেন ২০১৬ সালে। ওই বছরের ১৫ মে রাজধানীর খিলক্ষেত থেকে তাঁকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরদিন ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আদালতে তোলা হয়। এরপর সরকার পতনের ষড়যন্ত্রের অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় তাঁকে কারাগারে পাঠানো হয়।
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এর ১৫ দিন পর, ২০ আগস্ট চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান আসলাম চৌধুরী। এক বছর পার না হতেই আবারও বড় অঙ্কের ঋণখেলাপির মামলায় তাঁর নাম উঠে এল।
জেজে/আলোকিত চট্টগ্রাম


