ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আহম্মদ মিয়াকে গ্রেপ্তার করেছে আনোয়ারা পুলিশ।
রোববার (৩১ আগস্ট) দুপুর ১টার দিকে কক্সবাজারের উখিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আহম্মদ মিয়া আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের পশ্চিম সিংহরা গ্রামের খাইরুজ্জামানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারা থানার এসআই শিমুল চন্দ্র দাস এবং এএসআই নুরুল আফছার অভিযান চালিয়ে আহম্মদ মিয়াকে গ্রেপ্তার করে থানায় আনে।
উল্লেখ্য, ১৪ বছর আগে আনোয়ারায় খালে মাছ ধরা নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তি খুন হন। সেই মামলায় গত ২৫ আগস্ট চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ রোজিনা খান পাঁচজনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন। যার মধ্যে গ্রেপ্তার আহম্মদ মিয়া একজন।
কেএস/আলোকিত চট্টগ্রাম
