ফটিকছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে সহকারী প্রিসাইডিং অফিসার মো. নাছির উদ্দিনের ওপর হামলার ঘটনায় করা মামলার প্রধান আসামি নুরুল হুদার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়ছেন আদালত।
সোমবার (২৭ মে) চট্টগ্রামের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুন নাহারের আদালত শুনানি শেষে এ আদশে দেন।
নাছির উদ্দীন ফটিকছড়ির বখতপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
আরও পড়ুন : প্রিপ্রিসাইডিং অফিসারের কোটের ভেতর ছিল ব্যালট পেপার!
চট্টগ্রাম জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বিষয়টি নিশ্চিত করে আলোকিত চট্টগ্রামকে বলেন, ফটিকছড়ি উপজেলার নানূপুর কিপাইতনগর এলাকার সাইদ মোহাম্মদ চৌধুরী বাড়ির নুরুল আনোয়ারের ছেলে আসামি নুরুল হুদা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন। আদালত উভয়পক্ষের শুনানি শেষে আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, গত ২১ মে ফটিকছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে কিপাইতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো. নাছির উদ্দিন সহকারী প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালনের সময় নুরুল হুদাসহ একদল যুবক ব্যালট বাক্স ও বই ছিনতাইয়ের চেষ্টা করেন। এসময় বাঁধা দিলে তারা নাসির উদ্দিনকে হুমকি-ধমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
পরে ভোট গণনা শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় পথ আটকে নুরুল হুদাসহ অন্য আসামিরা নাছিরকে মারধর করে গুরুতর জখম করেন। এসময় গলা টিপে হত্যা চেষ্টাসহ তার পকেটে থাকা আট হাজার ৮২০ টাকা ছিনিয়ে নেয়।
এ ঘটনার পর গত ২৩ মে নাছির উদ্দীন বাদী হয়ে ফটিকছড়ি থানায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত সাত থেকে আটজনকে আসামি করে মামলা করেন।
আরএস/আরবি


