টাকা—স্বর্ণালঙ্কারের হারিয়ে যাওয়া ব্যাগ ফিরিয়ে দিল কোতোয়ালী পুলিশ

নতুন বউকে নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন প্রবাসী স্বামী। অটোরিকশা থেকে নামার পর মনে পড়ল ট্রলি ব্যাগটিই যে ফেলে এসেছেন! কিন্তু ততক্ষণে অটোরিকশা চালক হাওয়া। প্রবাসী বিপ্লব দাশের (৩৫) কপালে তখন চিন্তার ভাঁজ। কারণ সেই ব্যাগে যে ছিল নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস!

তবে এই প্রবাসীর দুশ্চিন্তাটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র ৬ ঘণ্টার মধ্যেই তাঁর হারিয়ে যাওয়া ব্যাগ ফিরিয়ে দিয়েছে কোতোয়ালী থানা পুলিশ।

আরও পড়ুন: ২০ লাখ টাকা—স্বর্ণালংকারসহ জাপান প্রবাসীর বউকে নিয়ে পালিয়েছে পুলিশ

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির আলোকিত চট্টগ্রামকে বলেন, বিদেশফেরত বিপ্লব দাশ আজ (রোববার) সকাল ১০টায় অটোরিকশা নিয়ে পাকা রাস্তার মাাথা থেকে নিউমার্কেটের শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। চালককে ভাড়া দিয়ে বিদায় করে দেওয়ার পর মনে পড়ল তাঁরা অটোরিকশা থেকে ব্যাগ নিতে ভুলে গেছেন। ওই ব্যাগে ছিল তাঁর স্ত্রীর স্বর্ণালংকার, নগদ ২০ হাজার টাকা, ব্যাংকের চেক বই, নতুন শাড়িসহ বেশকিছু গুরুত্বপূর্ণ জিনিস। দ্রুত তারা কোতোয়ালি থানায় এসে জিডি করেন।

অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে ঘটনাস্থলসহ বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে অটোরিকশাটি শনাক্ত করা হয়। এরপর ‘আমার গাড়ি নিরাপদ’ ডাটাবেজের মাধ্যমে অটোরিকশার মালিক এবং ড্রাইভারের তথ্য সংগ্রহ করা হয়। মাত্র ছয় ঘন্টার মধ্যে বিপ্লব দাশকে স্বর্ণালংকার ও গুরুত্বপূর্ণ মালামালসহ ট্রলিব্যাগটি উদ্ধার করে হস্তান্তর করা হয়।

আরএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm