কক্সবাজারের পেকুয়ায় অটোরিকশা ও ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে স্বামী, স্ত্রী সন্তানসহ ৫ জন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় ৩ জন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এবিসি আঞ্চলিক মহাসড়কের হাজী বাজার সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আহতদের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহতরা হলেন— হাটহাজারী উপজেলার মধ্যম মাদার্শা এলাকার ফিরোজ আহমদ (৪৯), তার স্ত্রী শাহিন আকতার (২৯) ও তাদের ছয় মাসের সন্তান জাহেদুল ইসলাম, অটোরিকশা চালক পেকুয়ার ধনিয়াকাটা এলাকার মৃত ছৈয়দুল আলমের ছেলে মনিরুল মান্নান (২২), উজানটিয়া ইউনিয়নের সোনালী বাজার এলাকার বজল আহমদের ছেলে আব্দুর রহমান (৩২)।
আরও পড়ুন : চালককে লাশ করে পালিয়ে গেল ঘাতক
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পেকুয়া চৌমুহনী এলাকা থেকে যাত্রী নিয়ে চট্টগ্রামে যাওয়ার পথে হাজী বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ডাম্প ট্রাক ও যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে চারজন এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পর একজনসহ মোট ৫ জনের মৃত্যু হয়।
এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল মোস্তফা আলোকিত চট্টগ্রামকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো জব্দ করা হয়েছে। ট্রাকের চালক পলাতক।
এমকেডি/আরবি


