পাকা ঘর পেল দিনমজুর আজগর

মোহাম্মদ আজগর, একজন দিনমজুর। রাউজানের চিকদাইর ইউনিয়নের মৃত বোছা মিয়ার ছেলে তিনি। দিনমজুরি করে সামান্য যা আয় করেন তা দিয়ে সংসার চালাতে প্রতিনিয়ত যুদ্ধ করতে হয় আজগরকে। চরম দারিদ্র্যের মধ্যে পরিবার নিয়ে বসবাস করা এই দিনমজুরের জন্য এবার এগিয়ে এলো মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি।

আজগরের পরিবারের দুর্দশা দেখে মানবিক বিবেচনায় তাঁকে একটি পাকা ঘর নির্মাণ করে দিয়েছে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি, বাংলাদেশ, চিকদাইর ইউনিয়ন শাখা-২। আজ (২৫ ডিসেম্বর) বিকেলে নবনির্মিত ঘরটির উদ্বোধন করেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য মঞ্জুরুল ইসলাম চৌধুরী। এ সময় বিশেষ অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলার সমন্বয়ক মামুন মিয়া, আনিসউল খাঁন বাবর, মাওলানা তরিকুল ইসলাম ও নুরুল হক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠন সভাপতি তৌফিকুল ফরিদ মাসুম, মানিক, কোরবান আলী মিনকু, জাহাঙ্গীর আলম, ছালে জঙ্গীরসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

এদিকে দরিদ্র এক পরিবারকে পাকা ঘর দেওয়ার এমন উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে। স্থানীয়রা বলছেন, দেশের প্রতিটি স্থানে যদি এভাবে হতদরিদ্রদের পাশে দাঁড়ানো যায় তাহলে অন্তত থাকা নিয়ে কারো দুশ্চিন্তায় থাকতে হবে না।

এদিকে পাকা ঘর পেয়ে দারুণ খুশি আজগরের পরিবার। এজন্য তারা মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির কাছে কৃতজ্ঞতা জানান।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm