চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা প্রত্যাহারসহ ৮ দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ।
রোববার (৩ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক ফরিদা খানমের হাতে এ স্মারকলিপি তুলে দেন সংগঠনের নেতারা।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, সনাতন ধর্মের অনুসারীরা নিজের মাতৃভূমিকে মাতৃতুল্য রূপে শ্রদ্ধা করে। ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধে সনাতনী সমাজের ত্যাগ অসীম। বাংলাদেশের সনাতনী সম্প্রদায় শতভাগ দেশপ্রেমিক। আমাদের কাছে লক্ষ শহীদের রক্তে রঞ্জিত বাংলাদেশের জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত অপরিমেয় সম্মান ও মর্যাদার। সুতরাং বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের নেতৃবৃন্দের বিরুদ্ধে বাংলাদেশের জাতীয় পতাকার কথিত অবমাননার অভিযোগে দায়ের করা উল্লেখিত রাষ্ট্রদ্রোহিতার মামলাটি সর্বৈব মিথ্যা, বানোয়াট, ষড়যন্ত্রমূলক ও ভিত্তিহীন।
আরও পড়ুন : রাষ্ট্রদ্রোহ মামলায় উত্তাল চট্টগ্রাম—আসছে কঠোর কর্মসূচি
আমরা বিশ্বাস করি, সনাতনী সম্প্রদায়ের চলমান যৌক্তিক ৮ দফা দাবি আদায়ের শান্তিপূর্ণ আন্দোলনকে নস্যাৎ করা, আন্দোলনের সাথে সম্পৃক্ত পরম সম্মানিত সাধু-সন্ত ও সংগঠকদের হয়রানি, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট এবং বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার অসৎ উদ্দেশ্যে একটি কুচক্রী মহল এই হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করেছে।
মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি শান্তিতে নোবেল বিজয়ী একজন বিশ্ব নাগরিক। বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন নিয়ে আপনি এগিয়ে যাচ্ছেন বাংলাদেশের সনাতনী সম্প্রদায় আপনার সেই স্বপ্নযাত্রার গর্বিত সারথী। আমরাও চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ প্রকৃত অর্থে একটি বৈষম্যহীন মানবিক দেশ হিসেবে গড়ে উঠুক।
সুতরাং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সনাতনী সম্প্রদায়ের যৌক্তিক ৮ দফা দাবি আদায়ের আন্দোলনের নেতৃত্বদানকারী শ্রদ্ধেয় ব্রহ্মচারী ও সংগঠকদের বিরুদ্ধে কুচক্রী মহলের দায়ের করা ষড়যন্ত্রমূলক মিথ্যা রাষ্ট্রদ্রোহিতার মামলাটি প্রত্যাহার করে দ্রুত সময়ের মধ্যে সনাতনী সম্প্রদায়ের যৌক্তিক ৮ দফা দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আপনার নিকট সবিনয়ে অনুরোধ করছি।
এসময় উপস্থিত ছিলেন আজপানন্দ ব্রহ্মচারী, পরিতাষানন্দ ব্রহ্মচারী, স্বতন্ত্র গৌরাঙ্গ দাস, সোমনাথ চৈতন্য রুদ্রাক্ষ বাবাজী, সমন্বয়ক জুয়েল আইচ, লিংকন তালুকদার, সুব্রত দাশ আকাশ ও অমিত পারিয়াল।
আরও পড়ুন : ৮ দাবিতে অনড় হিন্দুরা, চট্টগ্রামের জনস্রোত থেকেই ঢাকায় লং মার্চের ঘোষণা
এর আগে চট্টগ্রামে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে ৩০ অক্টোবর রাতে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র, ইসকন চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক ও পুন্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেন বিএনপি নেতা ফিরোজ।
মামলার প্রতিবাদে ৩১ অক্টোবর দুপুর ৩টায় চট্টগ্রামের চেরাগী পাহাড় মোড়ে সমাবেশ করে সনাতন জাগরণ মঞ্চ। সমাবেশ থেকে আজ (রোববার) জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করা হয়। আগামীকাল (সোমবার) মিডিয়ার মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে জানানো হয়।
এদিকে রাষ্ট্রদ্রোহ মামলা করে দলীয় পদ হারান বিএনপি নেতা ফিরোজ খান। তিনি বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির চট্টগ্রাম মহানগরের ৫ নম্বর মোহরা ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলেন। ১ নভেম্বর চান্দগাঁও থানার সভাপতি মো. আজম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে ফিরোজকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
আরবি/আলোকিত চট্টগ্রাম


