নির্বাচনকে সামনে ৯ দিনের জন্য মাঠে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্বাচনের আগে পাঁচ দিন, নির্বাচনের দিন এবং পরবর্তী আরও দুই দিন। এ সময়ে মাঠে থাকবে ১ লাখ সেনাবাহিনী।
এমনই পরিকল্পনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (১৫ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে পটুয়াখালী সার্কিট হাউজের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের পাঁচ দিন আগ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে তৎপর থাকবে। তারা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বড় ধরনের কার্যক্রম চালাবে।
নির্বাচনের আগে বিশেষ কোনো অভিযান পরিচালনা করা হবে কি-না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনে ৯ দিনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে নামবে। নির্বাচনের আগে পাঁচ দিন ও নির্বাচনের দিনসহ পরবর্তী আরও তিন দিন। আগের পাঁচ দিন বড় ধরনের কার্যক্রম চলবে।
তিনি বলেন, আমাদের বর্তমানে ৩০ হাজার সেনাবাহিনী মাঠে আছে। ওই সময় ১ লাখের মতো সেনাবাহিনী, দেড় লাখ পুলিশ, ৩৫ হাজারের মতো বিজিবি, ৫ হাজার নৌবাহিনী, ৪ হাজার কোস্টগার্ড, ৮ হাজার র্যাব এবং প্রায় সাড়ে ৫ লাখ আনসার মাঠে থাকবে।
তিনি আরও বলেন, নির্বাচনে নিরাপত্তা নিয়ে কোনো সন্দেহের সুযোগ নেই। নির্বাচন খুবই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।
আলোকিত চট্টগ্রাম


