আনোয়ারায় ১৪ দিন ধরে ট্রলারসহ নিখোঁজ ১৫ জেলের সন্ধান মিলেছে। তাদের উদ্ধার করেছে কোস্টগার্ড।
রোববার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় কোস্টগার্ড নিখোঁজ জেলেদের ট্রলারসহ মিয়ানমার থেকে সেন্টমার্টিন উপকূলে নিয়ে আসে।
উদ্ধার করা জেলেরা হলেন— মো. নুরুজ্জমা ওরফে কালু, আবদুল মন্নান, মহিউদ্দিন, মো. রায়হান, কালু মিয়া, আলী হোসেন, মো. রাশেল, মো. মোরশেদ, মো. বোরহান, আবুল মনসুর, আলী আহমদ, আবদুল হান্নান, জালাল উদ্দিন, আবু ছাদেক ও আবদুল করিম। তাঁদের বয়স ১৯ থেকে ৫৫ বছরের মধ্যে। সবার বাড়ি আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নে।
জানা যায়, ইঞ্জিন বিকল হওয়ায় ট্রলারসহ নিখোঁজ জেলেরা ভাসতে ভাসতে মিয়ানমার জলসীমায় চলে যায়। পরে তাদের উদ্ধার করে মিয়ানমার নৌবাহিনী। এসময় মিয়ানমার নৌবাহিনী জেলেদের খাবারসহ জ্বালানি তেল উপহার দেয়। পরে তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। বর্তমানে সেন্টমার্টিন কোস্টগার্ড জেটিতে অবস্থান নিয়ে ট্রলারের ইঞ্জিন মেরামতের কাজ করা হচ্ছে।
আরও পড়ুন : গভীর সমুদ্রে ভাসতে থাকা ১৮ জেলেকে রাতের আঁধারে উদ্ধার
এক বিজ্ঞপ্তিতে জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, ইঞ্জিন বিকল হয়ে জেলেরা মিয়ানমারের জলসীমায় চলে গিয়েছিল। পরে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে মিয়ানমার নৌবাহিনীর হেফাজত থেকে ১৫ জন জেলেকে উদ্ধার করা হয়। ১৪ জানুয়ারি নিখোঁজ বোটটিকে মিয়ানমারের একটি ফিশিং ট্রলার ভাসতে দেখতে পেয়ে বোটটিকে টেনে মিয়ানমার-বাংলাদেশ জলসীমায় নিয়ে আসে। এরপর বোট থাকা কালু মাঝি বোটের মালিককে ফোনে জানায় তারা মিয়ানমার নৌবাহিনীর হেফাজতে আছেন। এ তথ্য জানানোর পর আনোয়ারা থেকে বোটের মালিক ওবায়দুল হক জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন উদ্ধার সহায়তার জন্য। এরপর কলটেকার কনস্টেবল নোবেল দাস কোস্টগার্ড নিয়ন্ত্রণ কক্ষ ও সেন্টমার্টিন কোস্টগার্ডকে বিষয়টি জানায়। ডেসপাচার এসআই জয়ন্ত চৌধুরী কলার এবং উদ্ধার সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ করেন। পরে সেন্টমার্টিন কোস্টগার্ডের উদ্ধারকারী দল মিয়ানমার-বাংলাদেশ জলসীমায় গিয়ে মিয়ানমার নৌবাহিনীর হেফাজতে থাকা ১৫ জন জেলেসহ বিকল বোটটিকে উদ্ধার করে সেন্টমার্টিন নিয়ে আসে।
যোগাযোগ করা হলে বিষয়টি নিশ্চিত করে সেন্টমার্টিন কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. তাকিউল আহসান বলেন, মিয়ানমার নৌবাহিনীর কাছ থেকে খবর পেয়ে কোস্টগার্ড সদস্যরা ট্রলারসহ জেলেদের উদ্ধার করে উপকূলে নিয়ে আসে।
তিনি বলেন, মিয়ানমার নৌবাহিনী তাদের জলসীমায় রোববার সকালে ট্রলারটির সন্ধান পায়। একইদিন বিকেলে তারা কোস্টগার্ডকে বুঝিয়ে দেয়। পরে কোস্টগার্ড ১৫ জন জেলসহ ট্রলারটি সেন্টমার্টিন নিয়ে আসে।
কাঞ্চন/আরবি


