বোয়ালখালীতে নিখোঁজের তিনদিন পর মো. জসীম উদ্দীনের (৪৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার ৬নং পোপাদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বিদ্রগ্রাম এলাকার পুকুরে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
এর আগে পুকুরে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
মো. জসীম উদ্দীন উপজেলার ৮নং শ্রীপুর-খরণদ্বীপের ৬নং ওয়ার্ডের মাতব্বর বাড়ির মরহুম আহমদ ছৈয়দের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত রোববার (৪ জানুয়ারি) থেকে নিখোঁজ ছিলেন জসীম উদ্দীন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে বোয়ালখালী থানায় জিডি করা হয়েছিল।
এদিকে মৃত্যুর কারণ নির্ণয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে— বলছে পুলিশ।
এসএনই/আলোকিত চট্টগ্রাম


