বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দায়ের করা নাশকতার মামলায় গত ২৪ ঘণ্টায় তিনজনকে গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ।
রোববার (১৮ মে) সকাল থেকে সোমবার (১৯ মে) সকাল পর্যন্ত চলা অভিযানে গ্রেপ্তাররা হলেন— কক্সবাজারের পেকুয়ার সাদ্দাম হোসেন (২৩), চান্দগাঁওয়ের মো. ইমরান হোসেন রবিন (২৫) এবং কর্ণফুলীর মো. হাসান (২৬)।
আরও পড়ুন : চট্টগ্রামে নাশকতা করতে জড়ো হয়েছিল সেই ১৪ আসামি
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে এলাকায় নাশকতা চালানোর অভিযোগে মামলাটিতে ওই তিনজনকে শনাক্ত করে অভিযান চালানো হয়। গ্রেপ্তারের পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
জেজে/আলোকিত চট্টগ্রাম


