নারীকে ধাক্কা দিয়ে উল্টে গেল বেপরোয়া গতির অটোরিকশা—ইমাম লাশ

আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় মাওলানা আবু ছৈয়দ (৫০) নামে মসজিদের এক ইমাম নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্নত ৫ জন।

শনিবার (৬ জুলাই) সকাল ১১টার দিকে বারখাইন ইউনিয়নের শোলকাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাওলানা আবু ছৈয়দ আনোয়ারা উপজেলার ৫ নম্বর বরুমচড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাফেজ হামিদুর রহমান বাড়ির মরহুম আহমদ নবীর দ্বিতীয় ছেলে। তিনি খুরুশকুল আলিম উদ্দিন মাঝি জামে মসজিদের সাবেক ইমাম। বর্তমানে চন্দনাইশ উপজেলার বরকল এলাকার একটি মসজিদে ইমাম হিসেবে দায়িত্বরত আছেন। এ ঘটনায় আহতরা হলেন—হাসান (১৮), গোলতাজ (৬০) , রোজী (৩৫) , সুলতানা (১০) ও নাজমা (৭০) ।

আরও পড়ুন : আনোয়ারায় গাড়ির ধাক্কায় বৃদ্ধা রক্তাক্ত, ক্ষুব্ধ জনতার রাস্তা অবরোধ

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকাল ১১টার দিকে বরকল থেকে চাতরী চৌমুহনীগামী বেপরোয়া গতির একটি অটোরিকশা এক পথচারী নারীকে ধাক্কা দেয়। পরে গাড়িটি ব্রেক করলে হঠাৎ উল্টে যায়। এ সময় গাড়িতে থাকা ৬ জন যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাকে নেওয়ার সময় পথেই মৃত্যু হয়।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মামুনুর রশিদ আলোকিত চট্টগ্রামকে বলেন, দুর্ঘটনায় ৫ আহত জনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। একজন মারা গেছেন।

যোগাযোগ করা হলে আনোয়ারা থানার এসআই রফিকুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

কাঞ্চন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm