চট্টগ্রামে স্ত্রীকে খুন করে লাশ ঘরের ভেতর তালাবদ্ধ করে পালিয়ে যায় স্বামী। খুনের ৫ দিনের মাথায় উৎকট দুর্গন্ধ বের হলে স্থানীয়রা খবর দেয় থানায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে ঘরের তালা ভেঙে ভিকটিম নাছিমা আক্তারের (৪৫) অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। তবে পালিয়েও শেষ রক্ষা হয়নি খুনি স্বামীর। অভিযুক্ত স্বামী মো. নাছিরকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৮ ডিসেম্বর) আনোয়ারা থানার গুণদ্বীপ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নাছির আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের মৃত ইউসুফ আলীর ছেলে।
আরও পড়ুন : পুলিশকে গুলি করে পালিয়ে গেল সন্ত্রাসী সাজ্জাদ, রক্তাক্ত ৪
এর আগে শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে নগরের পতেঙ্গা থানার বিজয়নগর কাঁচাবাজার মোড়ে একটি তালাবদ্ধ ভাড়া ঘর থেকে লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে গত ২ নভেম্বর রাত ১১টার দিকে নাছির তাঁর স্ত্রী নাছিমা আক্তারকে খুন করে ঘরের দরজায় তালা দিয়ে নিজ গ্রামের বাড়ি আনোয়ারায় আত্মগোপন করেন।
এ বিষয়ে পতেঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান বলেন, নাছিমা আক্তারের খুনের রহস্য উদ্ঘাটন করে অভিযুক্ত নাছিরকে আনোয়ারা থানার গুণদ্বীপ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্ত্রীকে খুনের কথা স্বীকার করেছেন। স্ত্রী খুনে তাঁর বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।
ওসি আরও বলেন, নাছিরের বিরুদ্ধে বন্দর থানায় ডাকাতি মামলা এবং আনোয়ারা থানার মাদক মামলা রয়েছে।
আরবি/আলোকিত চট্টগ্রাম


