কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নুরুল আজিম (৪০) নামের এক বাইক আরোহী নিহত হয়েছেন।
শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালীর ফুলছড়ি গেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নুরুল আজিম কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য টুলু মেম্বারের ছোট ভাই।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নুরুল আজিম মোটরসাইকেল নিয়ে ঈদগাঁও থেকে চকরিয়ার খুটাখালী এলাকায় পৌঁছালে একই দিক থেকে আসা দ্রুতগতির নোহা গাড়ি বাইকের পেছনে ধাক্কা দেয়। এতে নুরুল আজিম গুরুতর আহত হন। অন্যদিকে নোহা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গর্তে উল্টে যায়। আহত নুরুল আজিমকে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
যোগাযোগ করা হলে মালুমঘাট হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মো. মেহেদী হাসান আলোকিত চট্টগ্রামকে বলেন, নোহা গাড়ি মোটরসাইকেলটির পেছনে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে।
তিনি বলেন, পলাতক থাকায় এখনো নোহার চালকে শনাক্ত করা সম্ভব হয়নি। শনাক্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমকেডি/আলেকিত চট্টগ্রাম


