দোলনায় খেলছিল শিশু, গলায় ওড়না পেঁচিয়ে হঠাৎ লাশ

বাড়ির উঠানে দোলনায় খেলতে গিয়ে ওড়না গলায় পেঁচিয়ে মারা গেছে আকরিদা জন্নাত আইরিন (১০) নামে এক শিশু।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গয়ালমারা তেইল্যারবিল এলাকায় এ ঘটনা ঘটে।

আইরিন স্থানীয় গয়ালমারা ইবতেদায়ী দাখিল মাদরাসার চতুর্থ শ্রেণির ছাত্রী। সে প্রবাসী জিয়া উদ্দিন ও জেসমিন আক্তারের মেয়ে।

জানা যায়, মঙ্গলবার সকালে আইরিন মাদরাসায় যায়। এরপর মাদরাসা থেকে বাড়ি ফিরে বাড়ির দক্ষিণ পাশের উঠানে দোলনায় খেলছিল। এ সময় দোলনার উপরে থাকা একটি ওড়না অসাবধানতাবশত তার গলায় পেঁচিয়ে যায়। এতে শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়ে সে।

আইরিনের সঙ্গে থাকা মুক্তা জন্নাত (৯) ঘটনা দেখে চিৎকার শুরু করে। এরপর পরিবারের সদস্যরা ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে হারবাং আজিজনগর প্রথম গেইট এলাকায় অবস্থিত আজিজনগর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, আইরিন অত্যন্ত শান্ত ও ভদ্র স্বভাবের মেয়ে ছিল। পড়ালেখায় মনোযোগী এই শিশু সবার সাথে হাসিমুখে কথা বলত। তার এমন মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না।

হারবাং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য শফিউল আলম বলেন, এটি একটি অত্যন্ত দুঃখজনক দুর্ঘটনা। শিশু আইরিনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

যোগাযোগ করা হলে হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম আলোকিত চট্টগ্রামকে বলেন, দোলনায় খেলতে গিয়ে ওড়না পেঁচিয়ে শিশুর মৃত্যুর খবর পেয়ে ফাঁড়ি পুলিশের এসআই মোফাজ্জল ঘটনাস্থলে যান। লাশের সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। শিশুর পরিবারের দাবি, এটি দুর্ঘটনা। তাই ময়নাতদন্ত করা হয়নি। এই ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এমকেডি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm