সামনেই সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘দুর্গাপূজা’। এ উপলক্ষে এবার ভারতে যাবে বাংলাদেশের ইলিশ। বাংলাদেশ থেকে ১ হাজার ২০০ টন ইলিশ মাছ ভারতে রপ্তানির সিদ্ধান্ত হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) এ নিয়ে আদেশ জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের ওই আদেশে বলা হয়, ১১ সেপ্টেম্বর অফিস চলাকালে হার্ড কপিতে আবেদন করতে পারবেন আগ্রহী রপ্তানিকারকেরা। আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট রপ্তানিকারক প্রতিষ্ঠানের হালনাগাদ ট্রেড লাইসেন্স, ইআরসি, আয়কর সার্টিফিকেট, ভ্যাট সার্টিফিকেট, বিক্রয় চুক্তিপত্র, মৎস্য অধিদপ্তরের লাইসেন্সসহ সংশ্লিষ্ট দলিলাদি দাখিল করতে হবে।
আদেশে আরও বলা হয়, প্রতি কেজি ইলিশের ন্যূনতম রপ্তানি মূল্য সাড়ে ১২ মার্কিন ডলার নির্ধারণ করেছে সরকার। ইতিমধ্যে যাঁরা আহ্বান ব্যতিরেকেই আবেদন করেছেন, তাঁদেরও নতুনভাবে আবেদন দাখিল করতে হবে।
প্রতিবছর দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানি করে বাংলাদেশ। ভারতের কোলকাতায় সবচেয়ে বেশি চাহিদা বাংলাদেশের ইলিশের। তবে এবার গত বছরের চেয়ে কম রপ্তানি হবে ইলিশ।
গত বছর দুর্গাপূজা উপলক্ষে ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। পরে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে ২ হাজার ৪২০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়। গতবার সবমিলিয়ে ৪৯টি প্রতিষ্ঠান অনুমতি পেয়েছিল। তবে এবার গতবারের অর্ধেক ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হলো।
এদিকে অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি ইলিশ রপ্তানি না করা, অনুমতি কোনোভাবেই হস্তান্তর না করা এবং অনুমোদিত রপ্তানিকারক ছাড়া ঠিকায় (সাব-কন্ট্রাক্ট) রপ্তানি না করার শর্তও জুড়ে দেওয়া হয়েছে। শর্ত না মানলে যেকোনো সময় রপ্তানি বন্ধ করতে পারবে সরকার। যদিও এমন শর্ত থাকে সব সময়ই।
আলোকিত চট্টগ্রাম


