সাতকানিয়ায় যাত্রীবাহী বাসের চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে উপজেলার কেওচিয়া ইউনিয়নের বায়তুল ইজ্জত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার সড়কের হরিণতোয়া রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন— পার্বত্য জেলা বান্দরবান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আর্মিপাড়া এলাকার মো. মফিজের ছেলে নাজমুল ইসলাম (৩০) এবং একই এলাকার মো. ইউনুসের ছেলে মো. তওহীদ (২৪)। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী অজ্ঞাত আরও একজন আহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত দুই ব্যক্তিসহ তিনজন একটি মোটরসাইকেলে বান্দরবান থেকে সাতকানিয়ার কেরানীহাটের দিকে আসছিলেন। মোটরসাইকেলটি উপজেলার বায়তুল ইজ্জত এলাকার হরিণতোয়া সড়কের সামনে এলে পার্শ্ববর্তী সড়ক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনজন রাস্তায় পড়ে যান। এ সময় বান্দরবানগামী বাসের চাপায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিলে অপরজনেরও মৃত্যু হয়। আহত আরেকজন এখনো চিকিৎসাধীন।
যোগাযোগ করা হলে সাতকানিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল মতিন আলোকিত চট্টগ্রামকে বলেন, সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
ডিএ/আলোকিত চট্টগ্রাম

