বঙ্গোপসাগর দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচারের সময় তিনটি বোটসহ ৩০ জন মাঝিমাল্লাকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।
শনিবার (৬ ডিসেম্বর) বঙ্গোপসাগরের সেন্টমার্টিন সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
জানা গেছে, চট্টগ্রাম ও নোয়াখালীর সোলেমান বাজার, লক্ষ্মীরচর ও সুবর্ণচর এলাকা থেকে সিমেন্টবোঝাই বোটগুলো মিয়ানমারের উদ্দেশ্যে রওনা দেয়। এ খবর পেয়ে সমুদ্রে অবস্থানরত নৌবাহিনীর জাহাজ সেন্টমার্টিন এলাকায় টহল জোরদার করে।
এ সময় নৌবাহিনীর জাহাজ ‘প্রত্যাশা’ টহল চলাকালে সন্দেহজনক তিনটি ইঞ্জিনচালিত বোট সনাক্ত করে। থামার নির্দেশ দিলে বোটগুলো পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে এফবি আল্লাহর দান, এফবি আলাউদ্দিন-১ এবং এফবি আলাউদ্দিন-২ নামের বোট তিনটি আটক করে।
বোটে তল্লাশি চালিয়ে ১ হাজার ৫৫০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৮ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা। এ সময় চোরাচালানে জড়িত ৩০ জন মাঝিমাল্লাকে আটক করা হয়।
আইনগত ব্যবস্থা নিতে মালামালসহ আটকদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।
বিডি/আলোকিত চট্টগ্রাম


