বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, নারীদেরকে যারা অবমাননা করে, নারী নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক সেটা যারা চায় না, তাদের পক্ষে এদেশের নারী সমাজ থাকতে পারে না।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মৌলভী ছাঈদুল হক স্মৃতি কুইজ প্রতিযোগিতর পুরস্কার বিতরণ উপলক্ষে এ আয়োজন করে পেকুয়া উপজেলা ছাত্রদল।
সালাহউদ্দিন আহমদ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দলের প্রধান নারীদের নিয়ে অবমাননাকর বক্তব্য দিয়েছে যেটা নিয়ে সারা দেশে প্রতিবাদের ঝড় উঠেছে। আমরাও এই বক্তব্যের প্রতিবাদ জানাই।
তিনি বলেন, যারা এই অবমাননাকর বক্তব্য দিয়েছে তারা নারীদেরকে ঘরে আবদ্ধ করে রাখতে চায়, কর্মস্থলে যেতে দিতে চায়না, তারা নারীদের কর্মঘণ্টা কমিয়ে দিতে কথা বলছে, যাতে নারীদের কর্মসংস্থান না হয়।
তিনি আরও বলেন, আমরা জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি ভোটের জন্য অনেক নারীকে মনোনয়ন দিয়েছি। অথচ ওই দল জাতীয় সংসদে নির্বাচনের জন্য কোনো নারীকে মনোনয়ন দেয়নি। তাদের কর্মকাণ্ডেই বুঝা যায় তারা এদেশের নারী সমাজকে ঘরে আবদ্ধ করে রাখতে চায়। তারা নারীদের অগ্রগতি, প্রগতি সমৃদ্ধি ও মর্যাদা দিতে চায় না। এগুলো হলো মধ্যযুগীয় ভাবনা।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পেকুয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাঈমুর রহমান হৃদয় ও সদস্য সচিব আবুল কাশেম নুরী।
পরে বৃত্তিপ্রাপ্ত ও কুইজ বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন সালাহউদ্দিন আহমদ।
এমকেডি/আলোকিত চট্টগ্রাম


