এলডিপির পটিয়া সংসদীয় আসনের মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপি সভাপতি শিল্পপতি এম এয়াকুব আলী বলেছেন, ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে নতুন রাষ্ট্র নির্মাণ করতে হবে। নির্বাচন আসলে দেখা যায় ব্যাংক লুটপাট করে, ডাকাতি করে, অবৈধ টাকা ইনকাম করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে নমিনেশন নিয়ে আসলেন, প্রতীক নিয়ে আসলেন। আমরা সেই প্রতীক দেখে ভোট দিয়ে থাকি। বিনিময়ে কী পাই, কিছু আশ্বাস পাই, হয়ত কিছু টাকা পাই। পাঁচশ, এক হাজার, পাঁচ হাজার টাকার জন্য আমরা মানবিক রাষ্ট্র গঠন করার যে দায়িত্ব সেটা বিক্রি করে দিই। আসছে নির্বাচনে আমাদেরকে এসব জায়গায় সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, আমাদের নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়ে যারা রাষ্ট্রের দায়িত্বে বসেছে সেই ড. ইউনূস ক্ষমতায় থাকা অবস্থায় দেশে তরিকতের উপর, মাজারের উপর, সারা বাংলাদেশে হামলা হচ্ছে। সেটার জন্য আমাদেরকে একসাথে প্রতিবাদ করতে হবে, সে যেই হোক না কেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে পটিয়া উপজেলা চরকানায় সফরআলী মুন্সির হাট এলাকায় আঞ্জুমানে ইখওয়ানে মারেফাত ট্রাস্টের উদ্যোগে ঈমানী সম্মেলন ও সালাতু সালাম মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্যবসায়ী মো. মনছুুর আলমের সভাপতিত্বে এতে প্রধান মেহমান ছিলেন আগ্রাবাদের পীর সাহেব আল্লামা হাফেজ ক্বারী সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ। প্রধান বক্তা ছিলেন আল্লামা মুফতি রেজাউল কাওসার। বিশেষ মেহমান ছিলেন আল্লামা হাফেজ ক্বারী ইলিয়াস শাহ, আল্লামা হারুনুর রশিদ ও হাফেজ ক্বারী ফরিদুল আলম। মাহফিলের উদ্বোধক ছিলেন চাকতাই আড়ত ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রফিকুল আলম সওদাগর।
আমন্ত্রিত অতিথি ছিলেন মো. কাউছার, ব্যবসায়ী মো. ইলিয়াস, সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন মধু, ইকবাল হোসেন, সেকান্দর হোসেন নয়ন, দিদার সওদাগর, ফোরকান সওদাগর ও সাইফুর রহমান।
কেএ/আলোকিত চট্টগ্রাম


