মিরসরাইয়ে ড্রাম ট্রাকের ধাক্কায় উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল উদ্দিন (৪২) নিহত হয়েছেন। এটি কি স্রেফ দুর্ঘটনা, নাকি পরিকল্পিত খুন তা তদন্তের দাবি জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ২টায় মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নেতাকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে মিরসরাই সেবা আধুনিক হাসপাতালে নিয়ে যান। শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
যুবদল নেতা কামাল উদ্দিন উপজেলার খৈয়াছরা ইউনিয়নের পশ্চিম পোলমোগরা গ্রামের মৃত মজিবুল হকের ছেলে।
প্রত্যক্ষদশী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ব্যবসায়িক কাজ শেষে ব্যক্তিগত গাড়িতে বড়তাকিয়া ফিরছিলেন কামাল। নিপ্পন ফ্যাক্টরির সামনে পৌঁছলে বিপরীত থেকে আসা একটি ড্রাম ট্রাক ধাক্কা দিলে কামালের গাড়িটি দুমড়েমুচড়ে যায়। এ সময় গাড়িতেই আটকে যান কামাল। পরে গাড়ি কেটে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী নাঈম সরকার বলেন, আমি দেখলাম কামাল ভাই গাড়ি নিয়ে একপাশ দিয়ে যাচ্ছেন, অপরদিক থেকে একটি ড্রাম ট্রাক যাচ্ছে। চোখের পলকে ড্রাম ট্রাকটি কামাল ভাইয়ের গাড়িকে ধাক্কা দিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। লোকজন ছুটে এসে চালককে আটক করে। এটা দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড খতিয়ে দেখা প্রয়োজন।
যোগাযোগ করা হলে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক আলোকিত চট্টগ্রামকে বলেন, যুবদল নেতা কামালের গাড়িকে ধাক্কা দেওয়া ড্রাম ট্রাকটি জব্দ এবং চালককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এএ/আলোকিত চট্টগ্রাম


