জনস্রোতে শুরু সমাবেশ, ডগ স্কোয়াডে তল্লাশি—ড্রোনে নজরদারি

জনস্রোতে পলোগ্রাউন্ডে মাঠে শুরু হয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশ। সকাল থেকেই মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন নেতাকর্মীরা। চট্টগ্রাম নগর ও উপজেলার পাশাপাশি তিন পার্বত্য তিন জেলা ও কক্সবাজার থেকেও আসেন নেতাকর্মীরা। সবসিলিয়ে পলোগ্রাউন্ড ও এর আশপাশ এখন জনসমুদ্র।

রোববার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কোরআন তেলওয়াতের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়। শুরুতে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরীফুল ইসলাম তুহিন। সমাবেশে সভাপতিত্ব করছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ।

সমাবেশে মঞ্চে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, সন্দ্বীপের সাবেক সংসদ সদস্য কামাল পাশা, চট্টগ্রাম-৭ আসনের প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রাম-১০ আসনের প্রার্থী সাঈদ আল নোমান, কেন্দ্রীয় যুবদল সভাপতি মোনায়েম হোসেন মুন্না, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন এবং যুবদলের সাবেক সহসভাপতি মোশাররফ হোসেন দিপ্তী।

সকাল থেকেই নগরের বিভিন্ন ওয়ার্ড, থানা ও উপজেলা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে থাকে। পার্বত্য জেলা রাঙামাটি খাগড়াছড়ি ও বান্দরবান, এবং কক্সবাজার থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী আসে। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। এমপি প্রার্থীদের বিশাল বিশাল বহর মাঠে এলে আরও বেড়ে যায় উচ্ছ্বাস।

এদিকে বিপুল মানুষের চাপের কারণে সমাবেশস্থলের আশপাশে চলাচল সীমিত হয়ে পড়ে। পর্যাপ্ত অস্থায়ী শৌচাগারের ব্যবস্থা না থাকায় অনেককে খোলা জায়গায় প্রসাব করতে দেখা যায়।

তারেক রহমানকে এক নজর দেখার আশায় কয়েকজন তরুণকে দেখা গেল গাছে উঠে দাঁড়িয়ে থাকতে।

সমাবেশ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মাঠ ও আশপাশে পুলিশ, র‍্যাব ও বিজিবিকে সতর্ক অবস্থানে দেখা গেছে। সভামঞ্চের সামনে ও আশপাশে ডগ স্কোয়াডের প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর দিয়ে তল্লাশি চালানো হচ্ছে। আকাশে ড্রোন উড়তেও দেখা গেছে, যা দিয়ে সার্বিক পরিস্থিতি নজরদারিতে রাখা হচ্ছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা সাজ্জাদ বলেন, বিপুল জনসমাগম হলেও পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে। পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। ড্রোন ও ডগ স্কোয়াডের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm