চিন্ময় ব্রহ্মচারী গ্রেপ্তার, চেরাগী পাহাড় মোড়ে প্রতিবাদী সনাতনীরা—স্লোগানে কাঁপছে রাজপথ

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশজুড়ে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

এদিকে চিন্ময় ব্রহ্মচারীকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই নগরের চেরাগী পাহাড় মোড়ে জড়ো হতে থাকে সনাতনীরা। সন্ধ্যা সাড়ে ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত চেরাগী পাহাড় মোড়ে ছিল শত শত প্রতিবাদী সনাতনীর ভিড়। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এ ভিড় বাড়ছেই। স্লোগানে স্লোগানে কাঁপছে রাজপথ।

‘চিন্ময় প্রভুর কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’, ‘তুমি কে আমি কে, সনাতনী সনাতনী’, ‘জেগেছে রে জেগেছে, সনাতনী জেগেছে’, ‘হর হর মহাদেব, জয় শ্রীরাম’— এসব স্লোগানে এখন উত্তাল চেরাগী পাহাড় মোড়।

এদিকে চেরাগী পাহাড় মোড়ে সতর্ক অবস্থায় দেখা গেছে পুলিশকে। তবে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ওই স্থানে সেনাবাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি।

এর আগে সোমবার (২৫ নভেম্বর) দুপুর ৩টা ৫০ মিনিটের দিকে রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে চিন্ময় ব্রহ্মচারীকে গ্রেপ্তার করে ঢাকা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তাঁকে গ্রেপ্তার করার বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক।

চিন্ময় ব্রহ্মচারীর গ্রেপ্তারের খবরটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এছাড়া তাঁকে বহনকারী গাড়িটির ভিডিও ভাইরাল হয়।

জানা গেছে, জাতীয় পতাকা অবমাননার অভিযোগে চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানায় রাষ্ট্রদ্রোহ আইনে দায়ের করা মামলায় চিন্ময় ব্রহ্মচারীকে গ্রেপ্তার দেখিয়েছে ঢাকা মহানগর ডিবি পুলিশ। গত ৩০ অক্টোবর মো. ফিরোজ খান নামে এক ব্যক্তি চিন্ময় ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে এ মামলা দায়ের করেন।

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নিন্দা

চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

সোমবার (২৫ নভেম্বর) ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চিন্ময় কৃষ্ণ চন্দ্র দাসকে গ্রেপ্তারের ফলে মত প্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার প্রশ্নে বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। তাঁরা অনতিবিলম্বে চিন্ময় ব্রহ্মচারীকে মুক্তি দেওয়ার দাবি জানান।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm