বিয়ের গাড়ি থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে চাকার নিচে বৃদ্ধের মাথা

বিয়ের অনুষ্ঠানে এসে নিজেদের ভাড়া করা বাসের চাকায় পিষ্ট হয়ে মো. দুলাল (৬৭) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শনিবার (২৮ মে) দুপুর দেড়টায় চট্টগ্রাম-কক্সবাজার সংযোগ সড়কে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: মিরসরাইয়ে বেপরোয়া পিকআপ কেড়ে নিল বৃদ্ধের প্রাণ

বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা। নিহত মো. দুলাল আনোয়ারা বোয়ালিয়া ইউনিয়নের মৃত আব্দুস সামাদের ছেলে।

বাকলিয়া থানার এসআই সোহেল রানা আলোকিত চট্টগ্রামকে বলেন, নগরের শাহ আমানত সেতু সংলগ্ন সড়কের বাকলিয়া রাহাত্তারপুল এলাকার অদূরে এক বিয়ের ক্লাবে আসেন দুলাল। এসময় অসাবধানতাবশত বাসের চাকার নিচে পিষ্ট হন তিনি।

ঘটনাস্থলে থাকা এক প্রত্যক্ষদর্শী বলেন, আনোয়ারা থেকে একটি ভাড়া করা বাসে বিয়ের অনুষ্ঠানে আসি। অনুষ্ঠান শেষে ফেরার পথে দুলাল তার এক আত্মীয়ের বাসায় যাওয়ার জন্য তাড়াহুড়া করে চলন্ত বাস থেকে নেমে পড়েন। এসময় শরীরের ভারসাম্য ধরে রাখতে না পেরে তিনি নিচে পড়ে যান। চলন্ত গাড়ির পেছনের চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন: নিখোঁজের তিনদিন পর মিলল বৃদ্ধের লাশ

এদিকে এ ঘটনায় গাড়িটি জব্দ ও চালককে আটক করা হলেও নিহত আত্মীয়-স্বজন মামলা করবেন না জানালে চালক ও বাস ছেড়ে দেওয়া হয়। পরে নিহতের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়।

যোগাযোগ করা হলে পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, আজ (শনিবার) দুপুর আড়াইটার দিকে সড়ক দুর্ঘটনায় নিহত এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন বাকলিয়া থানা পুলিশ। এসময় কর্তব্যরত চিকিৎসক মরদেহ মর্গে পাঠান। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm