চলে গেলেন সরকারি স্কুলের জন্য জমি দেওয়া বীর মুক্তিযোদ্ধা নিকুঞ্জ মাস্টার

বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট শিক্ষাবিদ মনোরঞ্জন দাশগুপ্ত প্রকাশ নিকুঞ্জ মাস্টার (৮৭) আর নেই। রাউজানের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

এদিকে একাত্তরের এই বীরের মৃত্যুতে পরিবার, স্বজন, সহযোদ্ধাদের পাশাপাশি রাউজানের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক অঙ্গনেও শোকের আবহ সৃষ্টি হয়। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এদিকে দুপুরে রাউজানের মধ্যম সুলতানপুরে নিজ বাড়িতে বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন দাশগুপ্তকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হয়। পরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে পারিবারিক শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়।

মুক্তিযুদ্ধে মনোরঞ্জন

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেন মনোরঞ্জন দাশগুপ্ত। তিনি ১ নম্বর সেক্টরে মেজর রফিকুল ইসলামের নেতৃত্বে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশের স্বাধীনতার জন্য বীরত্বপূর্ণ অবদান রাখেন।
দেশ স্বাধীন হওয়ার পর তিনি শিক্ষকতা পেশায় নিজেকে নিয়োজিত করেন। তিনি দীর্ঘদিন জঙ্গল রাউজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। প্রাথমিক শিক্ষার প্রসার ও এলাকার শিক্ষা বিস্তারে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

এলাকার শিশুদের শিক্ষার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে ভূমি দান করে দাসপাড়া অখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন। শিক্ষকতা ও শিক্ষা বিস্তারে তার অবদান রাউজানে স্মরণীয় হয়ে থাকবে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm