অবশেষে চলেই যেতে হলো বিসিবির অর্থ কমিটির বিতর্কিত চেয়ারম্যান নাজমুল ইসলামকে। দেশের ক্রিকেটারদের আলটিমেটামের মুখে তাঁকে বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি,) বিকেলে বিসিবির সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিসিবি সভাপতি আমিনুল ইসলাম অর্থ কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।
এর আগে ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে বুধবার রাতেই নাজমুলের পদত্যাগ চেয়ে খেলা বয়কটের আলটিমেটাম দেয় ক্রিকেটারদের সংগঠন কোয়াব। এজন্য আজ দুপুর পর্যন্ত সময় বেধে দেওয়া হয়। তবে নাজমুল পদত্যাগ করেননি। তাই ক্রিকেটাররাও দুপুর ১টায় বিপিএলের ম্যাচ বয়কট করেন।
এরপর বিকেলে ফের সংবাদ সম্মেলনে করে কোয়াব। এতে নাজমুলের পদত্যাগ দাবিতে নিজেদের অনড় অবস্থানের কথা জানিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে বিসিবির আনুষ্ঠানিক ঘোষণা দাবি করা হয়। এর কিছুক্ষণ পরই নাজমুলকে অর্থ কমিটি থেকে সরিয়ে দেওয়ার ঘোষণা দেন বিসিবি সভাপতি।
বিসিবির সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক কিছু ঘটনার পর্যালোচনা এবং সংস্থার সর্বোত্তম স্বার্থ বিবেচনায় নিয়ে বিসিবি সভাপতি তাৎক্ষণিকভাবে অর্থ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে নাজমুল ইসলামকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বিসিবি সভাপতি অর্থ কমিটির প্রধানের দায়িত্ব পালন করবেন।
আলোকিত চট্টগ্রাম

