চলন্ত মাইক্রোবাস থেকে লাফ দিল চালক, কনের নানি লাশ

মিরসরাইয়ে বউভাতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েছে কনেপক্ষের একটি মাইক্রোবাস। দ্রুতগতির মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে গেলে নিহত হন কনের নানি ফাতেমা বেগম (৫৫)। আহত হয়েছেন আরও অন্তত ৫ জন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে বারইয়ারহাট-রামগড় সড়কের বাদামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাতেমা বেগম মিরসরাই উপজেলার কাটাছরা ইউনিয়নের বলে জানা গেছে। আহতদের পরিচয় পাওয়া যায়নি।

‎‎প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাইক্রোবাসটি অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। ড্রাইভার দরজা খুলে লাফ দিয়ে নেমে যায়। এ সময় গাড়িতে প্রায় ১৫ জন যাত্রী ছিল। ঘটনাস্থলে কনের নানি ফাতেমা বেগমসহ বেশ কয়েকজন আহত হন। তাদের উদ্ধার করে বারইয়ারহাট বিএম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফাতেমা বেগমকে মৃত ঘোষণা করেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

‎স্থানীয় ‎প্রত্যক্ষদর্শী শাহজাহান বলেন, আমি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলাম। দুটি মাইক্রোবাস একসঙ্গে আসছিল। হঠাৎ একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে রাস্তার পাশে পড়ে যায়। চালক সঙ্গে সঙ্গে লাফ দিয়ে নেমে যায়। অতিরিক্ত গতির কারণে একটি আনন্দ বিষাদে রূপ নিলো।

জানতে চাইলে বারইয়ারহাট বিএম হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বিকাশ বলেন, স্বজনরা দুপুরে ফাতেমা বেগম নামে একজনকে মৃত এবং ৪ জনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। আহতরা সবাই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। নিহতের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

যোগাযোগ করা হলে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক আলোকিত চট্টগ্রামকে বলেন, দুর্ঘটনার পরপরই স্বজনরা তার মরদেহ নিয়ে গেছে। ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm