চট্টগ্রাম-১১ আসনে যে কারণে বাতিল হলো ৪ জনের মনোনয়নপত্র

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে ৪ জনের মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে। তবে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীসহ আটজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) আসনটির মনোনয়নপত্র বাছাইয়ের এ তথ্য দেন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াৎ হোসেন।

চট্টগ্রাম-১১ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, জামায়াতের মোহাম্মদ শফিউল আলম, জাতীয় পার্টির আবু তাহের, বাসদ-মার্কসবাদীর দীপা মজুমদার, গণফোরামের উজ্জ্বল ভৌমিক, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের আবু তাহের, বাসদের নিজামুল হক আল কাদেরী এবং ইনসানিয়াত বিপ্লবের আজিজ মিয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

এদিকে মনোনয়নপত্র বাতিল হওয়া ৪ প্রার্থী হলেন— স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর ভূঁইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নুর উদ্দিন, গণঅধিকার পরিষদের মুহাম্মদ নেজাম উদ্দিন এবং বিএনপির সিদ্ধান্ত উপক্ষো করে প্রার্থী হতে চাওয়া এ কে এম আবু তাহের।

সংশ্লিষ্টরা জানান, চট্টগ্রাম-১১ আসনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। বৃহস্পতিবার তার কার্যালয়ে প্রার্থী ও প্রতিনিধিদের উপস্থিতিতে মনোনয়নপত্র বাছাই করা হয়েছে। আসনটিতে ১২ জন প্রার্থীর মধ্যে চারজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে প্রার্থিতা ফেরত পেতে তারা আপিল করতে পারবেন।

সূত্র বলছে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত করা এক শতাংশ ভোটার যাচাইয়ে পাঁচজনকে পাওয়া যায়নি। তাই জাহাঙ্গীর ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়।

ইসলামী আন্দোলনের প্রার্থী মো. নূর উদ্দিনের মনোনয়নপত্রে তার নাম, আসন ও ভোটার নম্বর ছিল না। তাই সেটি বাতিল করা হয়।

এছাড়া বিএনপির এ কে এম আবু তাহেরের মনোনয়নপত্র বাতিল হয় ঋণখেলাপীর কারণে। অপরদিকে গণঅধিকার পরিষদের মুহাম্মদ নেজাম উদ্দীনের মনোনয়নপত্র বাতিল করা হয় সিটি করপোরেশনের পাওনা ৯৭ হাজার ১৭৫ টাকা পরিশোধ না করায়।

বন্দর-পতেঙ্গা আসনটিতে মোট ভোটার ৪ লাখ ৯৫ হাজার ২৭৮ জন। এর মধ্যে ২ লাখ ৫২ হাজার ৩৩২ জন পুরুষ, ২ লাখ ৪২ হাজার ৯৪৩ জন নারী এবং তিনজন হিজড়া।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm