চট্টগ্রাম নগরে ফিটনেস ও রুট পারমিট ছাড়াই চলছে যানবাহন। ফিটনেস ও রুট পারমিট না থাকায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অভিযানে ধরা পড়েছে ৫ যানবাহন। এছাড়া ফিটনেস, ট্যাক্স টোকেন, রুট পারমিট হালনাগাদ না করেই চলছিল ৩টি ড্রাম্প ট্রাক।
শনিবার (২২ জুন) সকালে নগরের হালিশহর থানার নয়াবাজার বিশ্বরোডে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন বিআরটিএ চট্টগ্রাম বিভাগের আওতাধীন ভ্রাম্যমাণ আদালত-১২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মিশকাতুল তামান্না। এসময় উপস্থিত ছিলেন বিআরটিএ চট্টমেট্রো সার্কেল-২ এর মোটরযান পরিদর্শক শাহাদাত হোসেন চৌধুরী।
আরও পড়ুন : চট্টগ্রাম শহরের বাস বিআরটিএ’র জরিপে না এলে রুট পারমিট বাতিল, যেদিন যেভাবে চলবে
জানা যায়, অভিযানে ফিটনেস না থাকায় দুটি যানবাহনকে ৩০ হাজার টাকা জরিমানা, রুট পারমিট না থাকায় দুটি যানবাহনকে ৩০ হাজার টাকা জরিমানা এবং অন্যান্য মামলায় একটি যানবাহনকে ১ হাজার টাকাসহ ৫টি যানবাহনকে সর্বমোট ৬১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ফিটনেস, ট্যাক্স টোকেন, রুট পারমিট দীর্ঘদিন হালনাগাদ না করায় তিনটি ড্রাম ট্রাককে ডাম্পিং করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মিশকাতুল তামান্না বলেন, ফিটনেস, রুট পারমিট না থাকাসহ বিভিন্ন অপরাধে ৫টি যানবাহনকে ৬১ হাজার টাকা জরিমানা এবং তিনটি ড্রাম ট্রাককে ডাম্পিং করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও ট্রাফিক পুলিশ সহায়তা করে।
আরবি/আলোকিত চট্টগ্রাম


