১৬ বছরের কিশোরীকে বাসে তুলে ধর্ষণের দায়ে ইসমাইল হোসেন (৩৩) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এই মামলায় দেওয়া হয়েছে দুজনকে।
বুধবার (২৮ আগস্ট) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক জাকির হোসেন গালিব এ রায় দেন।
দণ্ডিত মো. ইসমাইল হোসেন নগরের বায়েজিদ বোস্তামী থানার ৩নম্বর ওয়ার্ডের মধ্যম সৈয়দ নগর নুরুল ইসলাম সর্দারের বাড়ির মৃত আবু তাহেরের ছেলে।
আরও পড়ুন : চট্টগ্রামে যুবতীকে ধর্ষণ করা ৩ যুবকের যাবজ্জীবন সাজা—পলাতক দুলাল
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী নগরের একটি কনডেন্স মিল্ক ফ্যাক্টরিতে কাজ করতেন। ২০২০ সালের ৬ জুন তার নাইট ডিউটি ছিল। এদিন কর্মস্থল থেকে সকাল সাড়ে ৬টার দিকে বেরিয়ে বাসায় ফেরার পথে বৃষ্টি শুরু হয়ে। এসময় অক্সিজেন রেলবিটের পাশে একটি টংয়ের দোকানের সামনে আশ্রয় নেন তিনি। হঠাৎ একটি বাস থেকে তিনজন নেমে তার মুখ চেপে ধরে বাসে তুলে ফেলেন। এরপর দুজন বাসের দরজায় পাহাড়া দেন ও ইসমাইল বাসের পেছনের সিটে নিয়ে তরুণীকে ধর্ষণ করেন।
পরে ওই তরুণীকে বাস থেকে ধাক্কা দিয়ে নামিয়ে দেন। এ ঘটনার অভিযোগের ভিত্তিতে র্যাব-৭ এর সদস্যরা গত ৯ জুন অভিযুক্ত ইসমাইলকে গ্রেপ্তার করে। সেদিন ভুক্তভোগী তরুণীর মা বাদী হয়ে বায়েজিদ থানায় ধর্ষণ মামলা করেন।
আদালত সূত্রে জানা যায়, এ ঘটনায় একই বছরের ৩০ সেপ্টেম্বর আদালতে চার্জশিট জমা দেন মামলা তদন্ত কর্মকর্তা। এতে নয় জনকে সাক্ষী করা হয়। পরে চার্জগঠন করে মামলার বিচারিক প্রক্রিয়া শুরুর নির্দেশ দেন আদালত। মামলায় পাঁচজন সাক্ষীর সাক্ষ্য উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ।
ট্রাইব্যুনাল পিপি নিখিল কুমার নাথ আলোকিত চট্টগ্রামকে বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং দুজনকে খালাস দেন আদালত। আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করা হয়। পরে সাজা পরোয়ানা মূলে তাকে কারাগারে পাঠানো হয়।
আরএস/আরবি


