চট্টগ্রামে নারীসহ ৫০ জলদস্যুর আত্মসমর্পণ

চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলীয় এলাকার ১২ বাহিনীর ৫০ জলদস্যু অস্ত্র ও গোলাবারুদসহ আত্মসমর্পণ করেছে। এদের মধ্যে একজন নারী এবং তিনজন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত জলদস্যু।

বৃহস্পতিবার (৩০ মে) দুপুর ১টার দিকে নগরের পতেঙ্গা র‌্যাব-৭ এর এলিট হলে জলদস্যু আত্মসমর্পণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে আত্মসমর্পণ করেন তারা। এসময় জলদস্যুদের ১১ জন অস্ত্র, গুলি ও বিভিন্ন সরঞ্জাম স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দেন।

এসময় র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. শরীফ-উল-আলম জানান, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার উপকূলীয় অঞ্চলের ১২টি বাহিনীর মোট ৫০ জন জলদস্যু শর্তহীনভাবে আত্মসমর্পণ করেছে। তাদের মধ্যে ৪৯ জন পুরুষ এবং ১ জন মহিলা। এছাড়া ৩ জন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত জলদস্যু।

আরও পড়ুন : বঙ্গোপসাগরে অস্ত্রসহ ধরা পড়ল ৩০ জলদস্যু, ২১ জনই আনোয়ারার

তিনি জানান, জলদস্যুরা ৩৫টি একনলা বন্দুক, ১৮টি এসবিবিএল, ১৭টি ওয়ান শুটার গান, ১টি দুইনলা বন্দুক, ১টি পিস্তল, ১টি রিভলভার, ৩টি বিদেশি পিস্তল, ১টি এসএমজি ও ২টি এয়ারগানসহ মোট ৯০টি অস্ত্র ও চারটি ওয়াকিটকি জমা দিয়েছে। এছাড়া গুলি ও কার্তুজ জমা দিয়েছে ২৮৩ রাউন্ড।

তিনি আরও জানান, বাঁশখালী, চকরিয়া, পেকুয়া, মহেশখালী ও কুতুবদিয়া অঞ্চলসহ চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ৩৪২ জন কুখ্যাত জলদস্যু এবং অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব। এছাড়া দেশি-বিদেশি মিলিয়ে সর্বমোট ২ হাজার ৬০৩টি অস্ত্রসহ ২৯ হাজার ১২৩ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন র‌্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) নুরে আলম মিনা, র‌্যাব-৭ এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. মাহবুব আলম, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় ও সংসদ সদস্য আবদুল লতিফ।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm