চট্টগ্রামে রেলওয়ে কর্মকর্তার চোখের সামনেই দরপত্র জমা দিতে গিয়ে দরপত্র ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল সোয়া ১১টার দিকে রেলওয়ে পূর্বাঞ্চল পাহাড়তলীর ডিইএন—১ কার্যালয়ে এ ঘটনা ঘটে।
দরপত্র ছিনতাইয়ের বিষয়টি স্বীকার করে, রেলওয়ে পূর্বাঞ্চল পাহাড়তলীর ডিইএন—১ এর (ভারপ্রাপ্ত) এক্সইএন পিএনডি আব্দুর রহিম বলেন, দরপত্র ছিনতাইয়ের ঘটনাটি সত্য। এ নিয়ে শিগগিরই আমরা সিদ্ধান্ত নিচ্ছি।
এদিকে রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ ইঞ্জিনিয়ার তানভীরুল ইসলাম বলেন, দরপত্র ছিনতাই ঘটনার খবর পেয়েছি। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানাবো, এটা বলে দেওয়া হয়েছে।
রেলসূত্র বলছে, চট্টগ্রাম রেলস্টেশনে পাবলিক টয়লেটের দরপত্র আহ্বান করা হয়। সোমবার (২৯ সেপ্টেম্বর) দরপত্র কেনার শেষ দিন পর্যন্ত ৯টি সিডিউল বিক্রি হয়। দরপত্র জমা না দিতে নূর টের্ড্রাসকে হুমকির অভিযোগ উঠে রেলের চাকুরিচ্যুত কর্মচারী মাহাবুবের বিরুদ্ধে।
নূর টের্ড্রাসের পক্ষে সকাল ১১টা ১৫ মিনিটে রেলওয়ে পূর্বাঞ্চল পাহাড়তলীর ডিইএন—১ (ভারপ্রাপ্ত) এক্সইএন পিএনডি আব্দুর রহিমের কার্যালয়ে গিয়ে টেন্ডারবক্সে সিডিউল জমা দিতেই এক্সইএন পিএনডি আব্দুর রহিমের চোখের সামনেই দরপত্র ছিনতাইয়ের ঘটনা ঘটে।
তাৎক্ষণিক নূর ট্রেডার্স এক্সইএন পিএনডি আব্দুর রহিমের দৃষ্টি আকর্ষণ করলে তিনি এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ভুক্তভোগী প্রতিষ্ঠানকে।
তথ্যসূত্র বলছে, দরপত্র ছিনতাই ঘটনার দেড় ঘণ্টা পরও এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি রেল কর্তৃপক্ষ।
আলোকিত চট্টগ্রাম
