চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে জয়নাল আবেদীন সিদ্দিক (৫০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত এক মাসে করোনায় আটজনের মৃত্যু হলো। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ এ ভাইরাসে আক্রান্ত না হলেও ডেঙ্গু শনাক্ত হয়েছে ২৩ জনের। এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৯৩ জন।
শনিবার (১২ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের কোভিড-১৯ নমুনা পরীক্ষা ও ডেঙ্গুর প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন : চট্টগ্রামে ডেঙ্গু—চিকনগুনিয়া—করোনার আতঙ্কের মাঝে জিকার জোড়া আঘাত
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, আজ (১২ জুলাই) জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জয়নাল আবেদীন সিদ্দিক মারা যান। করোনা আক্রান্ত হওয়ার আগে তিনি ডায়বেটিক, নিউমোনিয়াসহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। জয়নাল আবেদীনের বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায়।
প্রতিবেদন বলা হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম জেলার সরকারি-বেসরকারি সাতটি ল্যাবে ৫৪ নমুনা পরীক্ষা কারো করোনা শনাক্ত হয়নি। তবে মোট আক্রান্ত ১৯৩ জনের মধ্যে ২১ জন উপজেলার বাসিন্দা। বাকিরা নগরের বিভিন্ন এলাকার বাসিন্দা। মারা যাওয়া ৮ জনের ৩ জন নগরের, ৫ জন উপজেলার বাসিন্দা। মারা যাওয়াদের মধ্যে ৪ জন পুরুষ, ৪ জন নারী।
এর আগে সর্বশেষ গত ২৭ জুন নগরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সালেহা বেগম (৪০) নামে এক নারী করোনা আক্রান্ত হয়ে মারা যান। এছাড়া গত ২৩ জুন ২ জন, ২২ জুন ২ জন, ২০ জুন ১ জন এবং ১৬ জুন করোনা আক্রান্ত একজনের মৃত্যু হয়। তারা হলেন— নোয়াখালীর কোম্পানিগঞ্জের বাসিন্দা কাজী আবদুল আউয়াল (৮০), নগরের কোতোয়ালী থানার ফিরিঙ্গিবাজার এলাকার রাবেয়া খাতুন (৯৫), পটিয়া উপজেলার মো. এরশাদ (১৪), কর্ণফুলী উপজেলার ইয়াসমিন আক্তার (৪৫), বাকলিয়ার ফজিলাতুন্নেছা (৭১) এবং মিরসরাই উপজেলার জোরারগঞ্জের বাসিন্দা শফিউল ইসলাম (৭৫)।
এদিকে গত ২৪ ঘণ্টায় কারো করোনা শনাক্ত না হলেও ডেঙ্গু শনাক্ত হয়েছে ২৩ জনের। এদের মধ্যে ১৯ জন সরকারি হাসপাতাল এবং ৪ জন বেসরকরি হাসপাতালে ভর্তি হয়েছেন।
আরও পড়ুন : চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত ২২, করোনা ২
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনের তথ্য অনুসারে, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত ৫৮৬ জন। মারা গেছেন ২ জন। আক্রান্তদের মধ্যে ২৬৩ জন নগরের এবং ৩২৩ জন উপজেলার বাসিন্দা। চলতি জুলাইয়ে আক্রান্ত হয়েছেন ১৪১ জন। তবে এ মাসে এখনও কারো মৃত্যু হয়নি। এর আগে জানুয়ারিতে ১ জন এবং এপ্রিলে ১ জনের মৃত্যু হয়েছিল।
এছাড়া জুনে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ১৭৬ জন, মে’তে ১১৬ জন, এপ্রিলে ৩৩ জন, মার্চে ২২ জন, ফেব্রুয়ারিতে ২৮ জন এবং জানুয়ারিতে ৭০ জন। মোট আক্রান্তের মধ্যে পুরুষ ১৯৪, নারী ৯৬ এবং শিশু ৫৫ জন।
আরবি/আলোকিত চট্টগ্রাম


