চট্টগ্রামে ঈদ জামাত—যাঁরা এলেন

ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে নগরের জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে। নামাজ শেষে মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি ও মানুষের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। মোনাজাত শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।

শনিবার (৭ জুন) সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাত শুরু হয়। এতে ইমামতি করেন জমিয়তুল ফালাহ মসজিদের খতিব সৈয়দ আলাউদ্দিন আবু তালেব মো. আলাউদ্দিন আল কাদেরী। এরপর একই স্থানে সাড়ে ৮টায় শুরু হয় দ্বিতীয় জামাত। এতে ইমামতি করবেন মসজিদটির পেশ ইমাম মাওলানা মো. আহমদুল হক।

এদিকে নামাজ শুরুর আগেই জমিয়তুল ফালাহ মসজিদ মাঠ প্রাঙ্গণ মুসল্লিদের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে যায়। সাধারণ মুসল্লিদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এতে অংশ নেয়। নিরাপত্তা নিশ্চিতে সিসিটিভি মনিটরিংয়ের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন ছিল।

ঈদের প্রধান জামাতে অংশ নেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মীর মো. নাছির উদ্দিন, সাবেক সিটি মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, বিএনপি নেতা সাঈদ আল নোমান, জাতীয় পার্টির নেতা সোলায়মান আলম শেঠসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

আরও পড়ুন : সকাল সাড়ে ৭টায় ঈদ জামাত, বিকেল ৫টার মধ্যেই ‘ক্লিন সিটি’

চট্টগ্রাম সিটি করপোরেশন জানায়, জমিয়তুল ফালাহ ময়দান প্রাঙ্গণে প্রায় চল্লিশ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়। মুসল্লিদের জন্য ১৪২টি সিলিং ফ্যান, ৭০টি স্ট্যান্ড ফ্যান, ছাউনি, কার্পেটিংসহ নিরাপত্তায় সিসিটিভি মনিটরিং ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল।

এছাড়া জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণ ছাড়াও নগরের লালদীঘির পাড় চট্টগ্রাম সিটি করপোরেশন শাহী জামে মসজিদ, হযরত শেখ ফরিদ (র.) চশমা ঈদগাহ মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, চকবাজার সিটি করপোরেশন জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী (ভিআইপি) আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফীন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, সাগরিকা গরুবাজার জামে মসজিদ এবং সাগরিকা এলাকার মা আয়েশা সিদ্দিকী (র.) চসিক জামে মসজিদে ঈদ জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয়।

এদিকে চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটি এবং জেলা প্রশাসনের আয়োজনে ঈদুল আজহার প্রধান ঈদ জামাত স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে সকাল ৮টায় অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বায়তুশ শরফ আদর্শ সিনিয়র কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা ড. সাইয়েদ আবু নোমান। নারীদের জন্য পৃথক প্যান্ডেলে নামাজের ব্যবস্থা করা হয়। এছাড়া কমিটির আওতাভুক্ত নগরের ৯৩টি আঞ্চলিক ঈদগাঁয়ও ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়।

অন্যদিকে নামাজ আদায় শেষে নগরের বিভিন্ন স্থানে দেওয়া হয় পশু কোরবানি। কোরবানির বর্জ্য বিকেল ৫টার মধ্যে অপসারণ করে নগর পরিচ্ছন্নের কথা জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। দামপাড়া গেস্ট হাউসের নিচে কন্ট্রোল রুম থেকে সবকিছু মনিটরিং করবেন মেয়র নিজেই। অভিযোগ বা সহযোগিতার জন্য যেকেউ সেখানে যোগাযোগ করতে পারবেন।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm