পবিত্র রজমান মাসে বন্দরনগরী চট্টগ্রামের ৪ মার্কেট হঠাৎ পরিদর্শন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ। এসময় তিনি মার্কেটগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
রোববার (৯ মার্চ) নগরের তামাকুমন্ডি লেইন, জহুর হকার্স মার্কেট, টেরিবাজার ও বিপণি বিতান পরিদর্শন করেন তিনি।
সিএমপি কমিশনার মার্কেটগুলোরগুলোর নিরাপত্তা ব্যবস্থা দেখেন এবং সেখানে আসা ক্রেতাদের সঙ্গে কথা বলেন। এছাড়া ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির প্রতিনিধিদের সঙ্গেও কথা বলেন তিনি।
আরও পড়ুন : টার্গেট রমজান—ব্যবসায়ী নেতাদের সঙ্গে বসলেন পুলিশ কমিশনার
এসময় তামাকুমন্ডি ব্যবসায়ী প্রতিনিধিরা কমিশনারের কাছে ভাসমান হকার, যানজট, বাইক রাইডারদের যত্রতত্র অবস্থান, কিশোর গ্যাংয়ের উৎপাতসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এসব শুনে তাৎক্ষণিক সংশ্লিষ্ট ডিসি ও ওসিদের সমাধানের নির্দেশ দেন সিএমপি কমিশনার। এছাড়া ট্রাফিক ব্যবস্থাপনায় বিশেষ করে অ্যাক্সেস রোডগুলো যানজট মুক্ত রাখার ক্ষেত্রে তিনি গুরুত্বারোপ করেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিএমপি কমিশনার বলেন, পবিত্র রমজান উপলক্ষে নগরের সব মার্কেটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং বিভিন্ন স্তরে নিরাপত্তা বলয় সৃষ্টি করা হয়েছে। নগরবাসী যাতে নিশ্চিন্তে শপিং করতে পারে এবং উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদ উদযাপন করতে পারে সেজন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে।
সিএমপি কমিশনার আরও বলেন, ছিনতাই ও চাঁদাবাজি রোধে সিটিজেন ফোরাম, বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ ও ব্যবসায়ী প্রতিনিধিদের সমন্বয়ে ওয়ার্ডভিত্তিক তালিকা প্রস্তুত করে প্রতিনিয়ত উল্লেখযোগ্যসংখ্যক ছিনতাইকারী ও চাঁদাবাজদের আইনে আওতায় আনা হচ্ছে। সকলের সহযোগিতায় নির্বিঘ্নে ও নিরাপদে ঈদ উদযাপনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন নগর পুলিশের দক্ষিণ বিভাগের উপকমিশনার শাকিলা সোলতানা, সহকারী কমিশনার মো. মাহফুজুর রহমান এবং কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম।
আরবি/আলোকিত চট্টগ্রাম


