চকরিয়ায় বন বিভাগের অভিযানে প্রায় ৫০ লাখ টাকার বনভূমি উদ্ধার করা হয়েছে। এ সময় উপজেলার ফাঁসিয়াখালী বনবিটের রিংভং মৌজার দরগা গেটের পেছনে সংরক্ষিত বনভূমি দখলে নিয়ে তৈরি করা একটি পাকা বাড়ির স্থাপনা উচ্ছেদ করা হয়।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযানে নেতৃত্ব দেন ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো. সাদেকুর রহমান।
তিনি বলেন, বেশ কিছুদিন আগে কতিপয় দখলবাজ চক্র বনকর্মীদের অগোচরে ফাঁসিয়াখালী বনবিটের রিংভং মৌজার দরগা গেটের পেছনে সংরক্ষিত বনভূমি জবরদখলে নিয়ে সেখানে অবৈধভাবে পাকা বাড়ির স্থাপনা তৈরি করে। খবর পেয়ে আজ দুপুরে বনকর্মী ও ভিলেজারদের সঙ্গে নিয়ে ওই এলাকায় অভিযান চালাই। অভিযানে সদ্য নির্মিত অবৈধ স্থাপনা ভেঙে উচ্ছেদ করে বেহাত হয়ে যাওয়া অন্তত ৫০ লাখ টাকার বনভূমি উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, উদ্ধার করা বনভূমিতে ঘেরাবেড়া দেওয়ার জন্য ফাঁসিয়াখালী বনবিট কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে বন বিভাগের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এমকেডি/আলোকিত চট্টগ্রাম
