কক্সবাজারের চকরিয়ায় শিশুর ঘুষিতে নিহত হয়েছে আরেক শিশু! নিহত ১০ বছরের ওই শিশুর নাম তারেকুর রহমান।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে চকরিয়া পৌর শহরের চিরিঙ্গার বায়তুশ শরফ সড়কে এ ঘটনা ঘটে।
নিহত তারেকুর রহমান চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের পুলেরছড়া এলাকার আবদুল মজিদ ও রোকসানা বেগমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বায়তুশ শরফ সড়কের পানের দোকানদার দাদার সঙ্গে দোকানে সময় দিত তারেক। মঙ্গলবার রাতে দোকান থেকে বের হয়ে পাশের একটি হোটেলে সে পানি আনতে যায়। সেখানে সমবয়সী বন্ধুর সঙ্গে তুচ্ছ বিষয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওই বন্ধু সজোরে কানের পাশে ঘুষি মারে।
এতে তারেক গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। কিন্তু চট্টগ্রামের লোহাগাড়া এলাকায় পৌঁছলে তার মৃত্যু হয়।
জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান আলোকিত চট্টগ্রামকে বলেন, এরকম একটা খবর শুনেছি। এ বিষয়ে খোঁজ নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এমকেডি/আলোকিত চট্টগ্রাম


